ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ ভারতীয় শেয়ার বাজারে যখন রক্তক্ষরণ চলছে, সেনসেক্স ও নিফটিতে দেখা দিয়েছে বড় পতন, ঠিক তখনই বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে ভোডাফোন আইডিয়া (Vi)। বুধবার ইন্ট্রা ডে ট্রেডিংয়ে একাধিক শেয়ার মুখ থুবড়ে পড়লেও, Vi-এর শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫ টাকা ০৮ পয়সায় পৌঁছেছে।
এটি বিগত ২০ মাসের মধ্যে Vi শেয়ারের সর্বোচ্চ স্তর। এই অপ্রত্যাশিত উত্থান বাজার বিশেষজ্ঞদেরও অবাক করেছে।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারের এই অনিশ্চিত পরিস্থিতিতেও Vi-এর এই উত্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিগত দু’মাসে এই সংস্থার শেয়ার প্রায় ৭৫ শতাংশ বেড়েছে, যা বিনিয়োগকারীদের জন্য এক বড় প্রাপ্তি। এমনকি, গত এক বছরে Vi তার বিনিয়োগকারীদের ১২১ শতাংশ রিটার্ন দিয়েছে। মঙ্গলবার, ২ জুন, Vi-এর শেয়ারের দাম ছিল ৮ টাকা ৫৮ পয়সা, যা মাত্র একদিনের ব্যবধানে ১৫ টাকা ছাড়িয়ে গেল। এই দ্রুত বৃদ্ধি সংস্থার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।
সংস্থাটি জানিয়েছে, বুধবার তাদের মোট বাজার মূলধন ১ লক্ষ ৬২ হাজার কোটি টাকা অতিক্রম করেছে, যা তাদের আর্থিক স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। যদিও বিগত ৫২ সপ্তাহে Vi-এর শেয়ার সর্বনিন্ম ৬ টাকা ১২ পয়সায় নেমেছিল, সাম্প্রতিক সময়ে এর ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের আশাবাদী করে তুলেছে। একাধিক ব্রোকারেজ ফার্ম Vi-এর শেয়ারকে ‘বাই’ রেটিং দিয়েছে, তবে কিছু বিশেষজ্ঞ আপাতত ‘হোল্ড’ করার পরামর্শ দিচ্ছেন। উল্লেখ্য, শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। তাই যেকোনো বিনিয়োগের আগে একজন অভিজ্ঞ আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অপরিহার্য। শুধুমাত্র এই প্রতিবেদন পড়ে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

