দক্ষিণ কলকাতার গড়িয়ার তেঁতুলতলা এলাকায় আজ দুপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। একটি বিউটি পার্লারের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে এক মহিলাকে খুন করে নিজেও আত্মহত্যা করেছে এক যুবক।
মৃতার নাম রূপবাণী দাস, বয়স প্রায় ৫০। দীর্ঘদিন ধরেই তিনি ওই পার্লারেই কাজ করতেন। প্রতিদিনের মতো আজও তাঁর স্বামী অনুপকুমার দাস তাঁকে কাজে পৌঁছে দিয়ে যান।
কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনাটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, দুপুর প্রায় ১২টার কিছু পরে এক যুবক পার্লারে ঢুকে রূপবাণীর সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। তর্কাতর্কি থেকে হঠাৎ করে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অভিযোগ যে, প্রথমে ওই যুবক মহিলাকে আক্রমণ করেন, তারপর নিজেই নিজের গলায় অস্ত্র চালিয়ে দেন। খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। দু'জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে, তাঁদের আর বাঁচানো যায়নি। দেহ দুটি ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে, অভিযুক্ত যুবকের সাথে মৃতার ব্যক্তিগত কোনও সম্পর্ক ছিল। পুলিশের অনুমান যে সেই সম্পর্কের জটিলতা থেকেই এই ঘটনা ঘটেছে।
দিনদুপুরে এরকম ঘটনা ঘটায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে।
Poushali Patra Oneindiasource: oneindia.com

