Dailyhunt
CPIM: বাংলাকে বাঁচাতে হলে সমস্ত বামপন্থীদের এককাট্টা হতে হবে - মহম্মদ সেলিম

CPIM: বাংলাকে বাঁচাতে হলে সমস্ত বামপন্থীদের এককাট্টা হতে হবে - মহম্মদ সেলিম

Peoples Reporter 2 months ago

বাংলাকে বাঁচাতে হলে সমস্ত বামপন্থীদের এককাট্টা হতে হবে। নতুন শক্তিতে বামপন্থার পুনরুত্থান ঘটছে। বামপন্থী দলগুলোর বাইরেও বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়তে প্রস্তুত সব ব্যক্তি, গোষ্ঠীকেও এক হতে হবে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে লালঝান্ডার প্রতি মানুষের বিশ্বাস, ভরসা বাড়ছে। এই সময় দাঁড়িয়ে বামপন্থীদের লড়াই আন্দোলনকে আরও প্রসারিত করতে হবে।

শনিবার শিলিগুড়ির টিকিয়াপাড়া ময়দানে এক সমাবেশে একথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

দার্জিলিং জেলা বামফ্রন্টের ডাকে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মহম্মদ সেলিম বলেন, বিজেপি ধর্মের নামে হোলসেল ব্যবসা করছে। মল খুলেছে। আর তৃণমূল ছোট ছোট দোকান খুলেছে। তাতেও হয়নি, তাই হুমায়ুন কবীর বললেন বাবরি মসজিদ করব। আমাদের ধর্ম বা ধর্মস্থান নিয়ে আপত্তি নেই। আপত্তি ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টিতে।

তিনি আরও বলেন, ধর্মের পরিচয়ের ভিত্তিতে মানুষকে যাতে ভাগ করা না হয় তার দিকে নজর রাখতে হবে। কমরেড জ্যোতি বসু বলেছিলেন, রাজনীতির সঙ্গে ধর্মকে মেলাবেন না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আমাদের রাজ্যে কেউ যদি ধর্মের নামে উন্মাদনা ও দাঙ্গার পরিবেশ তৈরি করে তাহলে মাথা গুঁড়িয়ে দেওয়া হবে।

এদিনের জনসভায় প্রতিরোধের বার্তা দিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, ন্যায় প্রতিষ্ঠা করতে হলে লড়াই করে প্রতিরোধ গড়ে তুলতে হয়। আইন যেখানে অন্যায়ের পক্ষে, সেখানে প্রতিরোধই একমাত্র অস্ত্র হয়ে ওঠে। আর সেই প্রতিরোধ গড়ে তুলতে পারে একমাত্র বামপন্থাই। অধিকারের লড়াই কোনও ভিক্ষা নয়।

যুদ্ধের আবহে গ্যাসের কালোবাজারি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, যুদ্ধের প্রভাবে এখানে গ্যাসের সঙ্কট তৈরি হয়েছে। গ্যাস নিয়ে কালোবাজারি হচ্ছে। হোটেল, অটো রিক্সা, রান্না সব বন্ধ হতে বসেছে। বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে মিড ডে মিল রান্না বন্ধ। শ্যামাপ্রসাদ মুখার্জি, যাঁকে এখন বিজেপি নেতা বানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন খাদ্যমন্ত্রী। আর বাংলায় সবচেয়ে বেশি মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিলেন সেই সময়েই। ওই সময়েই মজুতদারি, কালোবাজারি বেড়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, গোটা বিশ্ব জুড়ে লুট ও মুনাফা, দখলদারির জন্য রাজনীতি হচ্ছে। আমাদের লড়াই পাড়া, মহল্লা, গ্রাম, শহর, জেলা, পঞ্চায়েত সহ রাজ্যের যে কোনও প্রান্তের লুটেরাদের বিরুদ্ধে।

সংখ্যাগুরুর রাজনীতি এবং মৌলবাদ প্রসঙ্গে বলতে গিয়ে এদিন মহম্মদ সেলিম বলেন, বাংলাদেশে সংখ্যাগুরু মুসলমান। সেখানে মৌলবাদী জামাত ইসলামকে ব্যবহার করে সংখ্যাগুরুবাদী রাজনীতি করে। সেখানে বামপন্থীরা সেই মৌলবাদের বিরুদ্ধে। ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু। এখানে ফ্যাসিবাদকে কায়েমের জন্য ধর্মের নামে মৌলবাদকে ব্যবহার করে বিজেপি-আরএসএস। গণতন্ত্র ও সংবিধানকে শেষ করতে চায়।

ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করে তিনি বলেন, রাজনীতি হবে শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, স্কুল, কলেজ হাসপাতাল, গণপরিবহণ, ট্রেনের জন্য। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান সর্বত্রই লুটের রাজত্ব চলছে। আর পরিবেশ রক্ষার আইন পালটে দিয়েছে মোদী সরকার। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে।

CPIM: গ্যাসের সংকট তীব্র, কালোবাজারি বন্ধ করে গরিব মানুষের স্বার্থ সুরক্ষিত করুন - মোদীকে চিঠি বেবীরCPIM: এসআইআর-এ 'অধিকাংশ দলের সমর্থন'! কোন কোন রাজনৈতিক দল প্রশংসা করেছে? কমিশনের কাছে প্রশ্ন সেলিমের
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Peoples Reporter