ঘটনাটি ঘটেছে মালদার ভূতনি থানার অন্তর্গত দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের বাল্লীটোলা গ্রামে। মৃতের নাম দ্বিজেন মণ্ডল, বয়স ৩২ বছর। তিনি পেশায় কৃষক ছিলেন। মৃতের প্রতিবেশী ফুলকুমার মণ্ডলের দাবী, এদিন ভোরে বাড়ি থেকে কিছুটা দূরে থাকা কয়েকটি পাটের জাঁক জল থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই এই বিপত্তি ঘটে। বন্যার জলে তলিয়ে যান দ্বিজেন। স্থানীয়রা দেখতে পেয়ে তৎক্ষণাৎ তল্লাশি শুরু করেন। পরে গ্রামবাসীরাই তাঁর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পাশাপাশি, খবর দেওয়া হয় ভূতনি থানার পুলিশ ও ব্লক প্রশাসনকে।
পরিবার সূত্রে জানা যায়, আর্থিকভাবে দুর্বল ছিলেন দ্বিজেন মণ্ডল। তাঁর বাড়িতে রয়েছে তিন নাবালিকা সন্তান। পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে গোটা পরিবারের। এই পরিস্থিতিতে সরকারি অনুদান ও সাহায্যের আবেদন জানিয়েছেন এলাকার মানুষজন। পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছে।
অন্যদিকে মানিকচক বিধানসভার বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল জানিয়েছে, দক্ষিণ চন্ডিপুরে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। তাঁর কথায়, এই পরিবারের পাশে রাজ্য সরকার ও আমরা সব সময় আছি।

