সন্দেহজনক চরমপন্থী- নকশালপন্থী পোস্টার বলে উল্লেখ করে তদন্ত ও পদক্ষেপ নেওয়ার কথা বলেন সাংসদ। অতীতে এই জেলা মাও উপদ্রুত ছিল। কিন্তু বর্তমান সময়ে এই জেলায় মাওবাদীদের কোন কার্যকলাপ নেই। যে পোস্টারটি উদ্ধার হয়েছে তা সাদা কাগজের ওপর নীল কালিতে লেখা। সাধারণভাবে সিপিআই (মাওবাদী) পোস্টার গুলি সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা হয়। পোস্টারের নিচে তাদের পার্টির নাম লেখা থাকে। কিন্তু এক্ষেত্রে সাদা কাগজের ওপর নীল কালিতে লেখা ওই পোস্টারের নিচে কোনও নাম নেই। ফলে এই পোস্টার কারা দিল, সেই নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। মানভুঁইয়া ভাষায় ওই পোস্টার লেখা।
পোস্টারের বয়ান, 'যবে থেকে বিজেপি সরকার এসেছে কারো জীবনে শান্তি নাই, পুরুলিয়ায় যেভাবে ঘর ভাঙছে তাতে জ্যোতির্ময়কে মারা উচিৎ।' ওই পোস্টারে মাঝিডি এবং খৈরি মোড় বলে দুটি এলাকার নাম লেখা রয়েছে। ওই পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, 'যদি ভাঙে তাহলে আর ঘুরে ঘর যাতে পারবেক নাই।' শেষ লাইনে লেখা, 'জ্যোতির্ময়কে মারতে পারলে ১ লক্ষ টাকা দেওয়া হবে।'
এই পোস্টারের পিছনে চরমপন্থী এবং মাওবাদীদের হাত রয়েছে বলে সন্দেহ সাংসদের। ইতিমধ্যেই পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সেখানে লিখেছেন, 'পোস্টারের বিষয়বস্তু এবং ভাষার সঙ্গে চরমপন্থী ও মাওবাদী-নকশালপন্থীদের মিল রয়েছে।' তিনি বলেন, 'অভিযোগ জানিয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক।'

