Dailyhunt
'বিজেপির পশ্চিমবঙ্গে জয়---', বাংলাদেশী সাংসদের ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা নিশিকান্ত দুবের

'বিজেপির পশ্চিমবঙ্গে জয়---', বাংলাদেশী সাংসদের ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা নিশিকান্ত দুবের

press CARD NEWS 1 week ago
ন্যাশনাল ডেস্ক, ০১ মে ২০২৬: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল ৪ঠা মে ঘোষণা হওয়ার কথা। নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে। বিভিন্ন এক্সিট পোলে দাবী করা হচ্ছে, দীর্ঘ ১৫ বছরের তৃণমূলের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে প্রথমবার পদ্ম ফুটতে চলেছে। এই আবহেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সমাজমাধ্যম পোস্টে বিস্ফোরক দাবী।
বিজেপি সাংসদ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বাংলাদেশের সাংসদ আখতার হোসেন দেশের সংসদে বক্তব্য রাখছেন। বিজেপি সাংসদ সেই ভিডিও পোস্ট করে বিস্ফোরক দাবীর পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, ৩০ এপ্রিল নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে লিখেছেন, 'বাংলাদেশের সাংসদ আখতার হোসেন আজ বাংলাদেশের সংসদে বলেছেন যে, পশ্চিমবঙ্গে বিজেপির জয় অনুপ্রবেশ রুখবে এবং বাংলাদেশি মুসলমানদের বিতাড়িত করবে, যা মারাত্মক। তৃণমূল কংগ্রেসকে সাহায্যকারীরা ধীরে-ধীরে সামনে আসছেন।' তবে, এই দাবীর সত্যতা নিশ্চিত করা হয়নি এবং এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।


এদিকে বিজেপি সাংসদের পোস্ট করা ভিডিওতে বাংলাদেশের সাংসদকে বলতে শোনা যায়, বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানোর চক্রান্ত চলছে। ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে।

ভারতের নাম না করে তিনি দাবী করেন, মুসলিমদের পাঠিয়ে দিয়ে নাকি বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানোর চক্রান্ত চলছে। উল্লেখ্য, আখতার রংপুর-৪ আসনের সাংসদ। এই এলাকাটি বাংলাদেশের উত্তর ভারত সীমান্তের কাছে অবস্থিত।

সংসদে দাঁড়িয়ে আখতার বলেন, 'আমরা ভৌগলিক ভাবে এমন একটা অবস্থানে আছি, যেখানে অনেকগুলি বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে। সেই ধরণের চক্রান্ত আশেপাশে চলছে। বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা ইতিমধ্যেই চলে এসেছে। আর প্রতিবেশী দেশ থেকে যে মুসলমানদের বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থীদের ঢল নামানো হবে না, এর কোনও নিশ্চয়তা নেই। বাংলাদেশের সার্বভৌমত্ম বা জনগণের ওপর যদি পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেই সময় আমাদের ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে।'

প্রসঙ্গত, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ এবং নাগরিকত্বের মতো বিষয়গুলি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই ধরণের বিবৃতি এবং অভিযোগ নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে, বলেই মত ওয়াকিবহাল মহলের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Presscard News