Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ধাবা স্টাইল মটর পনির এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন এইভাবে

ধাবা স্টাইল মটর পনির এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন এইভাবে

press CARD NEWS 8 hrs ago
বিনোদন ডেস্ক, ০৯ নভেম্বর ২০২৬: উৎসবের আবহে বাড়িতে যদি সুস্বাদু কোনও পদ তৈরি করতে চান, তাহলে বানিয়ে ফেলতে পারেন ধাবা স্টাইল মটর পনির। মশলাদার গ্রেভি, নরম পনির আর সবুজ মটরের মেলবন্ধনে এই পদটি হয়ে উঠবে অত্যন্ত সুস্বাদু। রুটি, নান কিংবা ভাতের সঙ্গে মটর পনির জমে যাবে একেবারে। ধাবার মতো স্বাদ পেতে রইল সহজ রেসিপি।

উপকরণ-

* পনির - ২০০ গ্রাম (কিউব করে কাটা)

* সবুজ মটরশুঁটি - ১ কাপ

* তেল - ২ টেবিল চামচ

* মাঝারি আকারের পেঁয়াজ - ২টি (মোটামুটি কুচি করা)

* কাঁচালঙ্কা - ২-৪টি

* মাঝারি আকারের টমেটো - ৩টি (মোটামুটি কুচি করা)

* নুন - ১/৪ চা চামচ বা স্বাদমতো

* তেল - ২ টেবিল চামচ

* তেজপাতা - ১টি

* দারুচিনি - ১ টুকরো

* গোলমরিচ - ১০-১২টি

* লবঙ্গ - ৪টি

* আদা-রসুন বাটা - ১ টেবিল চামচ

* কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো - ১ চা চামচ

* ধনে গুঁড়ো - ১ টেবিল চামচ

* হলুদ গুঁড়ো - ১/৪ চা চামচ

* জিরে গুঁড়ো - ১/২ চা চামচ

* গরম মশলা - ১/৪ চা চামচ

*কসুরি মেথি - ১ চা চামচ

* ধনেপাতা কুচি - ২ টেবিল চামচ

* ঘি - ১ চা চামচ

মটর পনির তৈরির পদ্ধতি-

প্রথমে একটি কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ৩-৪ মিনিট ভাজুন। পেঁয়াজের রং স্বচ্ছ হয়ে এলে বুঝবেন তা ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে টমেটো, কাঁচালঙ্কা ও নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে ৩-৪ মিনিট রান্না করুন, যতক্ষণ না টমেটো নরম হয়ে যায়। এরপর আঁচ নিভিয়ে দিন। টমেটো ও পেঁয়াজের মিশ্রণটি ঠাণ্ডা হতে দিন। এরপর মিক্সারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।

এবার অন্য একটি কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করুন। তাতে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা দিয়ে ১০ সেকেন্ডের মতো ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করুন। তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই মশলা মটর পনিরে সুন্দর রং এনে দেবে।

এবার আগে তৈরি করে রাখা পেঁয়াজ ও টমেটোর পেস্ট কড়াইয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ৫-৬ মিনিট রান্না করুন, যতক্ষণ না মশলা ভালোভাবে কষে ঘন হয়ে আসে। এরপর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ৩-৪ টেবিল চামচ জল দিয়ে আরও ৪-৫ মিনিট মশলা কষিয়ে নিন। মশলার রং সুন্দর হয়ে এলে এবং কড়াইয়ের চারপাশে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন মশলা তৈরি।

এবার কড়াইয়ে সবুজ মটর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনমতো জল দিয়ে গ্রেভি তৈরি করুন। ৩-৪ মিনিট মটরকে গ্রেভির মধ্যে ফুটতে দিন। এরপর কিউব করে কেটে রাখা পনির দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে আরও কয়েক মিনিট রান্না করুন। তবে পনির দেওয়ার পর বেশি সময় রান্না করবেন না, এতে পনির শক্ত হয়ে যেতে পারে।সবশেষে শুকনো কসুরি মেথি, ধনেপাতা কুচি ও ১ চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

তৈরি হয়ে গেল সুস্বাদু ধাবা স্টাইল মটর পনির। গরম গরম রুটি, নান কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করুন এই মজাদার পদ। উৎসবের খাবারের তালিকায় এই রেসিপি এনে দেবে এক অন্যরকম স্বাদ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Presscard News