কলকাতা: আজ কৌশিকী অমাবস্যা। সাধক বামদেব এই তিথিতে তারাপীঠ মহাশ্মশানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। সকাল থেকেই তারাপীঠে ভক্তদের সমাগম চোখে পড়ে এই দিনটিতে। ভোরবেলার মঙ্গল আরতি দিয়ে দিন শুরু হয়। এরপর দিনভর চলে পুজো। কৌশিকী অমাবস্যার পাশাপাশি আজ লক্ষ্মীবারও। তাই পুণ্যার্থীদের জন্য দিনটি আরও বিশেষ, একথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।।
কৌশিকী অমাবস্যার এই পুণ্যতিথিতে মা তারার চরণে শতকোটি প্রণাম জানিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, "মা তারার অশেষ কৃপায় সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলময় হয়ে উঠুক। দূর হোক সময় অশুভ ও অন্ধকার। তারা মায়ের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। সকলকে জানাই কৌশিকী অমাবস্যার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। জয় মা তারা।"
উল্লেখ্য, কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা ১১ মিনিটে এবং শেষ হচ্ছে ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিট গতে। এবছর ভিড় সামলাতে ও আইনশৃঙ্খলা রক্ষায় ৪ হাজারের বেশি পুলিশ মোতায়েন রয়েছে। সেই ষসঙ্গে রয়েছে সহায়তা কেন্দ্র ও ওয়াচ টাওয়ার। ২৭ টি পুলিশ সহায়তা কেন্দ্র এবং ১১টি ওয়াচ টাওয়ার করা হয়েছে।
এছাড়া, সিসিটিভি ও ড্রোন দিয়ে নজরদারি চলছে। অগ্নি নির্বাপণ ব্যবস্থার কড়াকড়িও চোখে পড়ার মতো। নিরাপত্তার অংশ হিসেবে বিশেষ অগ্নি নির্বাপণ রোবট টেন্ডার, দমকল বাহিনী এবং মন্দির চত্বরে ৩০ টি অগ্নিনির্বাপক যন্ত্র রাখা হয়েছে। এছাড়া ২৫ জনের বিপর্যয় মোকাবিলা দল ও ৮টি সেবাশিবির প্রস্তুত রাখা হয়েছে। মোটের ওপর এই বিশেষ দিনে নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন।
