নিজস্ব সংবাদদাতা, বীরভূম: আজ কৌশিকী অমাবস্যা, ভোর থেকেই তারাপীঠে পুণ্যার্থীদের ঢল। আজ বৃহস্পতিবার, বীরভূমের তারাপীঠে পালিত হচ্ছে ভাদ্র মাসের ঐতিহ্যবাহী কৌশিকী অমাবস্যা। ২০২৬ সালের কৌশিকী অমাবস্যার তিথি শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে। তিথি শেষ হবে ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে।
প্রতি বছরই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। এবছরও অমাবস্যার তিথি শুরুর আগে অর্থাৎ খুব সকাল থেকেই তারাপীঠ মন্দির চত্বরে পুণ্যার্থীদের ঢল চোখে পড়ার মতো।
এদিন ভোরবেলায় মা তারাকে স্নান করিয়ে বিশেষভাবে সাজানোর পর সর্বসাধারণের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। তিথি শুরু হওয়ার আগেই বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে তারাপীঠজুড়ে। জয় মা তারা ধ্বনিতে মুখরিত মন্দিরনগরী।
কৌশিকী অমাবস্যা উপলক্ষে পুণ্যার্থীদের নিরাপত্তা ও পরিষেবার কথা মাথায় রেখে মন্দির কমিটি এবং পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। ভিড় সামলাতে ও আইনশৃঙ্খলা রক্ষায় ৪ হাজারের বেশি পুলিশ মোতায়েন রয়েছে। সেই সঙ্গে রয়েছে সহায়তা কেন্দ্র ও ওয়াচ টাওয়ার। ২৭ টি পুলিশ সহায়তা কেন্দ্র এবং ১১টি ওয়াচ টাওয়ার করা হয়েছে।
এছাড়া, সিসিটিভি ও ড্রোন দিয়ে নজরদারি চলছে। অগ্নি নির্বাপণ ব্যবস্থার কড়াকড়িও চোখে পড়ার মতো। নিরাপত্তার অংশ হিসেবে বিশেষ অগ্নি নির্বাপণ রোবট টেন্ডার, দমকল বাহিনী এবং মন্দির চত্বরে ৩০ টি অগ্নিনির্বাপক যন্ত্র রাখা হয়েছে। এছাড়া ২৫ জনের বিপর্যয় মোকাবিলা দল ও ৮টি সেবাশিবির প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে এই বিশেষ দিনে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।
