রানাঘাটের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্ত ওরফে বগাইকে ঘিরে তীব্র জনরোষ রানাঘাটে। রানাঘাট চৌরঙ্গী মোড়ে কাউন্সিলর বগাইকে ঘিরে বিক্ষোভ দেখান কিছু বিক্ষুব্ধ জনতা। শুধু তাই নয়, তাঁর মাথায় টোপর পরিয়ে, বুকে পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়। পোস্টারে লেখা, 'ওয়ার্ড নং ৮ কাউন্সিলর বগাই জেলে বিবাহ করতে যাচ্ছে।' এরপর তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই দৃশ্য দেখে রাস্তায় ভিড় জমান স্থানীয় লোকজন। ঘটনা ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায়।
জানা গিয়েছে, ২০২২ সালে তৃণমূলের টিকিটে জয়লাভ করে কাউন্সিলর হন জয়দীপ দত্ত ওরফে বগাই। অভিযোগ, কাউন্সিলর হওয়ার পর থেকেই প্রমোটিং, জমি কেনা বেচায় তোলাবাজি সহ একাধিক বিষয়ে দুর্নীতিতে নাম জড়ায় এই কাউন্সিলরের। এরপর, সরকার বদলের পর রানাঘাট পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সংখ্যা গরিষ্ঠ কাউন্সিলর পদত্যাগ করলেও এখনও পদত্যাগ করেনি এই কাউন্সিলর। পাশাপাশি সাধারণ মানুষকে ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে এই কাউন্সিলরের বিরুদ্ধে। সেই ক্ষোভ থেকেই সোমবার সন্ধ্যায় জনরোষের বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবী।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বগাইকে উদ্ধার করে তারা। বর্তমানে গ্রেফতার না হলেও অভিযুক্ত কাউন্সিলরকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে এই ঘটনার নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে রানাঘাট শহর বিজেপি নেতা শুভঙ্কর সাহা বলেন, এই ঘটনা ঘটিয়েছে সাধারণ মানুষ। কারণ এই তৃণমূল কাউন্সিলর যা দুর্নীতি করেছে তার বহিঃপ্রকাশ ঘটছে। এই ঘটনার সঙ্গে কোনও বিজেপি কর্মী বা সমর্থক জড়িত নয়। কারণ আমাদের রাজ্য সভাপতি স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমরা এই নীতিকে কখনই বিশ্বাস করি না। আইন আইনের মতো চলবে। দুর্নীতির অভিযোগ থাকলে প্রশাসনের ওপর ছেড়ে দিতে হবে। আর যদি কোনও বিজেপি নেতা বা কর্মী এই ঘটনায় যুক্ত থাকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, বলেও জানিয়েছেন তিনি।

