মৃতেরা প্রত্যেকেই সুপৌল জেলার পিপরা থানা এলাকার থুমহা গ্রামের বাসিন্দা। তাঁরা আরারিয়ার সিকটি এলাকার ভপটিয়া গ্রামে তিলক অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। জানা গিয়েছে, বিড়ি সেতুর একটি তীক্ষ্ণ বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিওটি সোজা নীচে মারিয়া নদীতে গিয়ে পড়ে। মৃতদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ২৮ বছরের মধ্যে। তাঁদের দেহ আরারিয়ার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। সদর হাসপাতালের চিকিৎসক এবং সদর দফতরের ডিএসপি ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দুর্ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে। চারপাশ যখন নিস্তব্ধ, সেই সময় হঠাৎ চিৎকার ও কান্নার আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। নদী থেকে গাড়িটি তোলার চেষ্টা শুরু হয়। দীর্ঘ চেষ্টার পর স্করপিওটিকে উদ্ধার করা সম্ভব হয়।
গাড়ির ভিতরে আটকে থাকা যাত্রীদের আরারিয়ার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকেরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তির চিকিৎসা চলছে।
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় মৃতদের গ্রাম থুমহায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের অনুষ্ঠানের আনন্দ মুহূর্তের মধ্যে বদলে গিয়েছে শোকে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। আপাতত দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

