Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাস্তায় পড়ে বিশালাকার গাছ! কাটারি হাতে ময়দানে বিজেপি প্রার্থী

রাস্তায় পড়ে বিশালাকার গাছ! কাটারি হাতে ময়দানে বিজেপি প্রার্থী

press CARD NEWS 3 weeks ago
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: প্রায় আড়াই দিন ধরে রাস্তার উপর পড়ে রয়েছে একটি বিশালাকারের গাছ। চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। শেষ পর্যন্ত নিজেই ময়দানে নেমে পড়লেন বিজেপি প্রার্থী। গাছ কেটে রাস্তা পরিষ্কার করতে দেখা গেল ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে।

লোধাসুলি থেকে ঝাড়গ্রাম হয়ে বাঁকুড়া যাওয়ার অত্যন্ত ব্যস্ত পাঁচ নম্বর রাজ্য সড়ক। ঝাড়গ্রামের নোহরখালের পাশে ঝড়ে একটি বড় গাছ ভেঙে পড়েছিল। গত আড়াই দিন ধরে গাছটি রাস্তার ওপরেই পড়ে থাকায় ভারী যানবাহন থেকে শুরু করে নিত্যযাত্রীদের পাশ কাটিয়ে, বেশ ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল। যে কোনও সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা ছিল।অভিযোগ, এত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তায় গাছ পড়ে থাকলেও স্থানীয় প্রশাসন বা ঝাড়গ্রাম পুরসভার পক্ষ থেকে তা সরানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

এর জেরে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল দিনের পর দিন। আর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউয়ের। এরপর তিনি আর দেরি না করে নিজের সমর্থকদের নিয়ে ময়দানে নেমে পড়েন। নিজে হাতে কাটারি নিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন এবং শেষ পর্যন্ত গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

এ প্রসঙ্গে লক্ষ্মীকান্ত সাউ ক্ষোভ প্রকাশ করে বলেন, আড়াই দিন হয়ে গেল, প্রশাসনের কোনও নজর নেই। তারা ভোট নিয়েই ব্যস্ত। আমি এই এলাকার বাসিন্দা, এই রাস্তা আমারও। মানুষের অসুবিধা দেখে বন্ধুদের নিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নিলাম, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।

উল্লেখ্য, ভোটের প্রচারে বিভিন্ন প্রার্থীদের নানা ধরণের জনসংযোগ কর্মসূচি দেখা গেলেও ভোট পরবর্তী সময়ে এভাবে সরাসরি মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসার ঘটনা বিরল বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা বলছেন, যে কাজ প্রশাসনের করার কথা, তা নিজে হাতে করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন লক্ষ্মীকান্ত সাউ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Presscard News