Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সৌরভ-ডোনাকে প্রাণনাশের হুমকি চিঠি, থানায় অভিযোগ দায়ের

সৌরভ-ডোনাকে প্রাণনাশের হুমকি চিঠি, থানায় অভিযোগ দায়ের

press CARD NEWS 5 days ago
লকাতা: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি। শুধু সৌরভ নয়, তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এমনকি চিঠিতে তাঁদের পরিবার ও ব্যক্তিগত কর্মীদের নিরাপত্তা নিয়েও মারাত্মক হুমকি দেওয়া হয়েছে।
এই ঘটনা ঘিরে গভীরভাবে উদ্বিগ্ন গঙ্গোপাধ্যায় পরিবার। ঘটনার গুরুত্ব অনুধাবন করে সোমবারই ঠাকুরপুকুর থানার দ্বারস্থ হয়েছেন দাদা'র টিম। দ্রুত পুলিশি হস্তক্ষেপ ও কড়া তদন্তের আবেদন জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্রে খবর, বিগত প্রায় ছয় মাস ধরে সৌরভের ঠিকানায় নিয়মিত কিছু রহস্যময় চিঠি আসছিল। তবে প্রথম দিকে বিষয়টিকে কোনও অতি-উৎসাহী অনুরাগীর খামখেয়ালিপনা বা সাধারণ চিঠি মনে করে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু সোমবার ফের নতুন চিঠি পৌঁছানোর পর পরিস্থিতি জটিল আকার ধারণ করে। চিঠির বিষয়বস্তু দেখে স্তম্ভিত হয়ে যান সৌরভের অফিসের কর্মচারীরা।

পুরো চিঠি ইংরেজিতে লেখা। এতটাই ছোট অক্ষরে লেখা যে, পড়তে পর্যন্ত সমস্যা হচ্ছিল। সেখানে অত্যন্ত কড়া ভাষায় সৌরভ ও ডোনার ক্ষতি করার হুমকি রয়েছে। বলা হয়েছে, বাড়িতে ঢুকে তাঁদের 'খুন' করে দেওয়া হবে। এমনকি সৌরভের ঘনিষ্ঠরাও এর হাত থেকে রেহাই পাবেন না!

চিঠি পাওয়ার পরই সিএবি সভাপতির তরফ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নন সৌরভ।

সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারি তানিয়া ভট্টাচার্য ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, সৌরভ, তাঁর পরিবার ও কর্মচারীদের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবার হুমকি চিঠি পেয়েছেন। অভিযোগপত্রে তিনি লিখেছেন, 'গত কয়েকমাস ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে আমরা চিঠি পাচ্ছি। চিঠিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। প্রথমে আমরা সেইসব চিঠিকে বিশেষ গুরুত্ব দিইনি। ভেবেছিলাম, এমন কেউ চিঠি পাঠাচ্ছেন, যিনি হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায়কে অপছন্দ করেন। আর তাঁর ব্যক্তিগত ক্ষোভ থেকে এই চিঠি পাঠাচ্ছেন।'

তিনি লেখেন, 'কিন্তু, আজ আমরা দুটি চিঠি পেয়েছি। একটি সৌরভ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা। অন্যটি তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখা। চিঠির প্রেরক শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেই থামেনি। সৌরভ, তাঁর পরিবার এবং তাঁর সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের নিরাপত্তা নিয়েও হুমকি দিয়েছেন।'

ইতিমধ্যে পুলিশের তরফেও তদন্তের অগ্রগতি হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেলঘড়িয়া থেকে এক ব্যক্তি কুরিয়ার মারফত এই চিঠিগুলো পাঠাতেন। তাঁর ফোনের সিমের গতিবিধিরও হদিশ পাওয়া গিয়েছে।

কুরিয়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশের তরফ থেকে। ওই ব্যক্তিই চিঠিগুলি পাঠাচ্ছেন নাকি তাঁর নাম ভাঙিয়ে অন্য কেউ এই ষড়যন্ত্র করছে, তা জানতে কুরিয়ার সার্ভিস এবং এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Presscard News