আজ, সোমবার, 'ভারত কেশরী' শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষ্যে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। কলকাতা বিমানবন্দরে নেমে প্রথমেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিকেল চারটে বেজে দশ মিনিটে ইকো পার্কে পৌঁছবেন। সেখানে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠা করার অনুষ্ঠানের সূচনা করবেন অমিত শাহ।
এরপর ইকো পার্ক থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বিকেল পাঁচটায় যাবেন শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি ভবানীপুরে। এই বাড়িতেই রযেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। সেই মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন অমিত শাহ। ভবানীপুরের অনুষ্ঠান শেষ করে অমিত শাহ এরপর বাইপাস সংলগ্ন মিলন মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে বিকেল সাড়ে পাঁচটায় অংশ নেবেন। সেখানে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে বক্তব্যও রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, পূর্বতন সরকারের আমলে পশ্চিমবঙ্গ তথা দেশের ইতিহাসে শ্যামাপ্রসাদের অবদানকে চাপা দিয়ে রাখার চেষ্টা হয়েছে বলে বার বার অভিযোগ তুলেছে পদ্ম শিবির। সরকার বদলের পর শ্যামাপ্রসাদের অবদানকে পুনরায় পশ্চিমবঙ্গের সাধারণ জনতা ও তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার ও বিজেপি। এদিকে আজ রাজ্যজুড়েই ভারত কেশরী শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য বিজেপি।
রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন, কলকাতার ছয় নম্বর মুরলীধর সেন লেনের বিজেপির অন্যতম রাজ্য দফতর-সহ একাধিক জায়গায় শ্যামাপ্রসাদের জন্মদিন যথাযথ মর্যাদার সঙ্গে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে।

