Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হাইকোর্টের চরম ক্ষোভ! ফলতায় অভিষেকের 'সেবাশ্রয়' নির্মাণ সরিয়ে দেওয়ার কড়া নির্দেশ!

হাইকোর্টের চরম ক্ষোভ! ফলতায় অভিষেকের 'সেবাশ্রয়' নির্মাণ সরিয়ে দেওয়ার কড়া নির্দেশ!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ 'সেবাশ্রয়' স্বাস্থ্য শিবিরের কাঠামো নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ফলতা বিডিও অফিসের পাশের একটি খেলার মাঠ ও উদ্যান দখল করে বেআইনিভাবে এই নির্মাণ খাড়া করে রাখার অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বুধবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে উচ্চ আদালত।

মামলাটির শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ সাফ জানায় যে, জনসাধারণের ব্যবহারের খেলার মাঠে এই ধরনের দীর্ঘমেয়াদি কাঠামো ফেলে রাখা যাবে না এবং তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

ফলতার স্থানীয় বাসিন্দা তথা আইনজীবী আমিনুদ্দিন খানের দায়ের করা এই মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত কড়া। শুনানির সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মন্তব্য করে-"সেবাশ্রয় নামে মেডিক্যাল কলেজের স্ট্রাকচার গড়ে উঠেছে। এত দিনের অস্থায়ী নির্মাণ সরিয়ে দিন।" আবেদনকারীর পক্ষে জানানো হয়, গত বছর ডিসেম্বর মাসে সেখানে শেষবারের মতো স্বাস্থ্য শিবির হয়েছিল। কিন্তু অনুষ্ঠান মিটে যাওয়ার দীর্ঘ সময় পরেও সেই বিশাল টিনের শেড ও বাঁশের কাঠামো মাঠ থেকে সরানো হয়নি, যার ফলে স্থানীয় শিশু ও যুবকেরা মাঠে খেলাধূলা বা সামাজিক অনুষ্ঠান করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

অবৈধ নির্মাণটি মাঠ থেকে সরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে অত্যন্ত কড়া ভাষায় প্রশ্ন তোলে। আদালতের প্রশ্ন ছিল, "আমাদের বলতে হবে না কি রাজ্য সরকার পুলিশকে সেবাশ্রয় ভাঙার নির্দেশ দেবে? পুলিশকে ডেকে পাঠাব?" আদালত স্পষ্ট করে দিয়েছে যে, ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই 'সেবাশ্রয়' সংক্রান্ত নির্মাণ প্রশাসনকে দ্রুত সরিয়ে ফেলতে হবে। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং তার আগে সমস্ত পদ্ধতিগত প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Priyobandhu Bangla