Dailyhunt
মোদী আসার আগেই কোচবিহারে হঠাৎ 'উড়ান' বন্ধ! তুঙ্গে রহস্য, কী এমন ঘটল যে তড়িঘড়ি এই সিদ্ধান্ত?

মোদী আসার আগেই কোচবিহারে হঠাৎ 'উড়ান' বন্ধ! তুঙ্গে রহস্য, কী এমন ঘটল যে তড়িঘড়ি এই সিদ্ধান্ত?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রবিবার কোচবিহারে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই হাই-প্রোফাইল সফর ঘিরে এমনিতেই পারদ চড়ছিল উত্তরবঙ্গে, কিন্তু সভার কয়েক ঘণ্টা আগেই এক চাঞ্চল্যকর ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলায়। আচমকাই গোটা কোচবিহারকে 'নো ফ্লাই জোন' (No-Fly Zone) হিসেবে ঘোষণা করা হয়েছে।

কিন্তু কেন? হঠাৎ কী এমন হল যে আকাশপথে সব ধরনের যাতায়াত বা ওড়াউড়ি বন্ধ করে দিতে হল প্রশাসনকে?

প্রধানমন্ত্রীর সভার আগে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে ঐতিহাসিক রাসমেলা ময়দানকে। কিন্তু এবারের কড়াকড়ি অন্যবারের তুলনায় অনেক বেশি। প্রশাসনিক সূত্রে খবর, এসপিজি (SPG) এবং জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নির্দেশে এই বিশেষ 'নো ফ্লাই জোন' জারি করা হয়েছে। এর ফলে ড্রোন তো বটেই, এমনকি কোনও ধরনের ব্যক্তিগত উড়ন্ত যান বা খেলনা ড্রোনও ওড়ানো নিষিদ্ধ।

বিজেপি শিবির সূত্রে খবর, উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর এই 'বিজয় সংকল্প সভা' অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাজবংশী ভোট ব্যাংককে সংহত করতে অনেক হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে এই সভার গুরুত্ব কয়েক গুণ বেড়ে গিয়েছে। তাই বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ সুরক্ষা সংস্থাগুলো। গোয়েন্দা ইনপুট এবং ভিভিআইপি (VVIP) প্রোটোকল মেনেই এই আকাশপথের ওপর কড়া নিষেধাজ্ঞা।

কোচবিহারের অলিতে-গলিতে এখন শুধুই প্রধানমন্ত্রীর আসার অপেক্ষা। তার মধ্যেই এই 'নো ফ্লাই জোন'-এর খবর মানুষের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, মোদী ম্যাজিক দেখতে যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে, তাঁদের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই অভূতপূর্ব ব্যবস্থা। আপাতত কড়া নজরদারিতে রয়েছে কোচবিহারের আকাশ থেকে মাটি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Priyobandhu Bangla