Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতাকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর! রেলের জমি ও ডেথ সার্টিফিকেট আটকে রাখার বিস্ফোরক অভিযোগ!

নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতাকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর! রেলের জমি ও ডেথ সার্টিফিকেট আটকে রাখার বিস্ফোরক অভিযোগ!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'প্রতিহিংসার রাজনীতি'র একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে পরাজিত হওয়ার ক্ষোভে ও রাগে এই অঞ্চলের সমস্ত উন্নয়নমূলক কাজ এবং একাধিক মানবিক প্রকল্প স্তব্ধ করে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী।

নন্দীগ্রামের বহু প্রতীক্ষিত রেল প্রকল্পের স্থবিরতা নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী আগের ভোটে হেরেছিলেন বলে নন্দীগ্রামের রেলের প্রকল্প আটকে রেখেছিলেন। রেলের এই স্টেশন ও লাইনের কাজের জন্য মাত্র ৬ একর জমির প্রয়োজন ছিল, কিন্তু বিগত তৃণমূল সরকার হিংসার কারণে সেই সামান্য জমিও বরাদ্দ করেনি।" এরপরই নিজের সরকারের সাফল্যের খতিয়ান দিয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, "আমরা ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই রেলকে সাড়ে ৩ একর জমি দিয়ে দিয়েছি। বাকি জমিও দ্রুত হস্তান্তর করা হবে এবং ২০২৭ সালের মার্চের মধ্যেই নন্দীগ্রামে প্রথম ট্রেন চলবে। সেই প্রথম ট্রেনে আপনাদের সবাইকে নিয়ে আমি নিজেই চাপব।"

রেল প্রকল্পের পাশাপাশি নন্দীগ্রাম আন্দোলনের আবেগ ছুঁয়ে আরও এক নজিরবিহীন অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, "নন্দীগ্রাম আন্দোলনে যাঁরা নিখোঁজ বা মৃত ছিলেন, ভোটে হেরে যাওয়ার পর তাঁদের মধ্যে ৭ জনের ডেথ সার্টিফিকেট (মৃত্যু শংসাপত্র) পর্যন্ত আটকে রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।" শুধু তাই নয়, বাম আমলের হিংসায় প্রাণ হারানো ৯ জন শহিদের পরিবারকে বিগত তৃণমূল সরকার সরকারি চাকরি থেকে বঞ্চিত করেছিল বলেও তিনি অভিযোগ করেন। তাঁর কথায়, নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই সেই সমস্ত বঞ্চিত শহিদ পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, তাঁর সাড়ে তিন মাসের নতুন সরকারের আমলে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই এই অঞ্চলে ৩২টি নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ হয়েছে, হরিপুরে নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন হয়েছে এবং হলদিয়া-নন্দীগ্রাম সংযোগকারী বহু প্রতীক্ষিত ব্রিজের কাজও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।আসন্ন নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নন্দীগ্রামের মানুষ যে উন্নয়নের পক্ষে, তা এই ভোটেই প্রমাণিত হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Priyobandhu Bangla