Dailyhunt
পদ্ম-শিবিরে বড় চমক! কলকাতায় বৈঠকের পরেই কি জার্সি বদলাচ্ছেন বিশ্বখ্যাত এই টেনিস মহাতারকা?

পদ্ম-শিবিরে বড় চমক! কলকাতায় বৈঠকের পরেই কি জার্সি বদলাচ্ছেন বিশ্বখ্যাত এই টেনিস মহাতারকা?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে বড়সড় ধামাকা। জল্পনা ছিলই, এবার সেই জল্পনাতেই পড়তে চলেছে শীলমোহর। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এবার কি গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন বিশ্ববন্দিত টেনিস তারকা লিয়েন্ডার পেজ? সূত্রের খবর, আজই আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিতে পারেন তিনি।

ঘটনার সূত্রপাত গত ২৪ মার্চ। কলকাতার বুকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন লিয়েন্ডার পেজ। সেই সময় হঠাত এই দুই ব্যক্তিত্বের সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছিল। যদিও তখন একে 'সৌজন্য সাক্ষাৎ' বলে এড়িয়ে যাওয়া হয়েছিল, কিন্তু রাজনীতির কারবারিরা বুঝেছিলেন-ভিতরে ভিতরে বড় কোনো চিত্রনাট্য তৈরি হচ্ছে। আজ সেই সম্ভাবনাই বাস্তবে রূপ নিতে চলেছে বলে খবর।

২০২১ সালের কথা মনে করিয়ে দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা। গোয়া বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। গোয়ায় তৃণমূলের বিস্তারে তাঁকে মুখ হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জোড়াফুল শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। বিশেষ করে বাংলার রাজনীতিতে বা দলের কোনো কর্মসূচিতে তাঁকে দীর্ঘদিন দেখা যায়নি। এবার সেই মোহভঙ্গ ঘটিয়েই তিনি মোদী-শাহের সেনাপতি হয়ে ময়দানে নামছেন বলে মনে করা হচ্ছে।

লিয়েন্ডার পেজের মত একজন আন্তর্জাতিক স্তরের 'আইকন' দলে আসা বিজেপির জন্য বড় পাওনা হতে পারে। বিশেষ করে শিক্ষিত ও ক্রীড়াপ্রেমী ভোটারদের কাছে এটি একটি শক্তিশালী বার্তা। টেনিস কোর্টে যেভাবে একের পর এক প্রতিপক্ষকে কুপোকাত করেছেন লি, রাজনীতির আঙিনাতেও কি তিনি সেই একইভাবে বিরোধীদের টেক্কা দেবেন? তা নিয়েই এখন চর্চা তুঙ্গে।

সূত্রের দাবি, আজকের দিনটিকেই বেছে নেওয়া হয়েছে তাঁর যোগদানের জন্য। দিল্লিতে বা কলকাতায়-কোথায় তিনি আজ পতাকা হাতে তুলে নেবেন, তা নিয়ে এখনও সামান্য ধোঁয়াশা থাকলেও পদ্ম-শিবিরে সাজ সাজ রব। বিজেপির রাজ্য নেতৃত্ব লিয়েন্ডারের মত্যব্যক্তিত্বকে দলে পেয়ে যে বাড়তি অক্সিজেন পাবে, তা বলাই বাহুল্য।
বাংলার ছেলে লিয়েন্ডার এবার কি তবে রাজনীতির আঙিনায় নতুন 'সার্ভিস' শুরু করছেন? উত্তর পেতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Priyobandhu Bangla