উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতীয় সেনার 'ত্রিশক্তি' কোর। দার্জিলিং জেলার দুধিয়ায় বালাসন নদীর উপর ৩৪ মিটার দীর্ঘ একটি অস্থায়ী ফুটব্রিজ নির্মাণ করেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের আবেদনের ভিত্তিতে তৈরি হওয়া এই সেতুর ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে চলেছে স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রী এবং পর্যটকদের।
টানা ভারী বর্ষণ ও বন্যার জেরে বালাসন নদীর উপর অবস্থিত পুরনো দুধিয়া সেতু বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্প্রতি প্রবল বৃষ্টির ফলে সেতুটি ভেসে যাওয়ায় শিলিগুড়ি, মিরিক এবং সীমান্তবর্তী পশুপতি ফাটক এলাকার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি পর্যটন শিল্পও বড় ধাক্কার মুখে পড়ে।
এই পরিস্থিতিতে দ্রুত উদ্যোগ নিয়ে সেনাবাহিনী অস্থায়ী ফুটব্রিজ নির্মাণ করে। আপাতত এই সেতুর মাধ্যমে নিরাপদে পায়ে হেঁটে নদী পারাপার করা সম্ভব হবে। সেনা সূত্রে জানা গেছে, সেতু নির্মাণে নিরাপত্তা ও স্থায়িত্বের বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের অনুরোধে খুব শীঘ্রই একটি বড় বেইলি ব্রিজ নির্মাণের কাজও শুরু করবে সেনাবাহিনী। সেই সেতু চালু হলে যানবাহন চলাচলও সম্ভব হবে, যা এই অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।
স্থানীয়দের মতে, সেনার এই দ্রুত পদক্ষেপ শুধু যোগাযোগ ব্যবস্থাকেই স্বাভাবিক করেনি, বরং পাহাড়ের পর্যটন ও জনজীবনকে নতুন করে গতি দেওয়ার পথও প্রশস্ত করেছে।

