Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কথাশিল্পীর স্মৃতিতে দেউলটি স্টেশনের নাম বদলের দাবি

কথাশিল্পীর স্মৃতিতে দেউলটি স্টেশনের নাম বদলের দাবি

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত দেউলটি রেলস্টেশনের নাম তাঁর নামে করার দীর্ঘদিনের দাবিতে নতুন করে গতি এসেছে। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন আমতা কেন্দ্রের বিধায়ক অমিত সামন্ত।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ প্রায় ১৫ বছর হাওড়ার সামতায় রূপনারায়ণ নদীর তীরে নিজ হাতে নির্মিত বাড়িতে বসবাস করেছিলেন।

এই সময়েই তিনি 'রামের সুমতি', 'মেজ দিদি', 'বিপ্রদাস'সহ বাংলা সাহিত্যের একাধিক কালজয়ী গল্প ও উপন্যাস রচনা করেন। সামতা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ-পূর্ব রেলের দেউলটি স্টেশন ছিল তাঁর নিয়মিত যাতায়াতের অন্যতম মাধ্যম। পাশাপাশি, তাঁর স্মৃতিকে বহন করে আজও এলাকার একটি গ্রাম পঞ্চায়েতের নাম 'শরৎ গ্রাম পঞ্চায়েত'।

আমতা ও বাগনান এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই দেউলটি স্টেশনের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার দাবি জানিয়ে আসছেন। স্থানীয়দের মতে, সাহিত্যিকের কর্ম ও স্মৃতির সঙ্গে এই এলাকার গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাই তাঁর সম্মানে স্টেশনের নাম পরিবর্তন করা হলে তা বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন হবে।

এই প্রেক্ষাপটে বিধায়ক অমিত সামন্ত জানান, বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নজরে আনা হয়েছে। খুব শীঘ্রই রেল মন্ত্রকের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হবে বলে জানান তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar