নৌকা দৌড় প্রতিযোগিতা চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। ঘণ্টায় প্রায় ৩২১ কিলোমিটার গতিতে ছুটতে গিয়ে আচমকাই শূন্যে উঠে একাধিক বার পাক খেয়ে উল্টে গেল একটি দ্রুতগতির নৌকো। তার পর সেটি আছড়ে পড়ল জলে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন নৌকোচালক। ইতিমধ্যেই দুর্ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের লেক অফ দ্য ওজ়ার্কসে। সেখানে একটি দাতব্য সংস্থার জন্য নৌকা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এ বার প্রতিযোগিতাটি ৩৮তম বর্ষে পা দিয়েছে।
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রবল গতিতে এগিয়ে চলেছে 'ডার্টি ডাক' নামের নৌকোটি। ফিনিশিং লাইন পার করার পর আচমকাই সেটি জলের উপর থেকে শূন্যে উঠে যায়। বাতাসে কয়েক বার ডিগবাজি খাওয়ার পর উল্টো দিকে কিছুটা গিয়ে সজোরে জলে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে চারপাশ জলরাশিতে ঢেকে যায়। দুর্ঘটনার সময় আশপাশে থাকা বেশ কয়েকটি নৌকোয় লোকজন ছিলেন।
মিসৌরি স্টেট হাইওয়ের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় ৪৫ বছর বয়সি নৌকোচালক গুরুতর আহত হয়েছেন। তাঁর পা ভেঙে গিয়েছে। তবে নৌকোয় থাকা অপর আরোহী তুলনামূলক ভাবে কম আহত হয়েছেন।
দুর্ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে আতঙ্কিত নেটাগরিকেরা আহত চালকের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে এত বেশি গতির নৌকা দৌড়ে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

