Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আইসিসির নতুন নিয়মেও লাভ নেই! ডারবানে ব্যাড লাইটে নষ্ট ৬০ ওভারের বেশি খেলা

আইসিসির নতুন নিয়মেও লাভ নেই! ডারবানে ব্যাড লাইটে নষ্ট ৬০ ওভারের বেশি খেলা

ক্রিকেটের দীর্ঘদিনের অন্যতম বিরক্তিকর সমস্যা 'ব্যাড লাইট'। ম্যাচ যখন জমে ওঠে, ঠিক তখনই আচমকা হানা দেয় আলো সমস্যা। আকাশে মেঘ, কমে আসে দৃশ্যমানতা-আর বাধ্য হয়েই থামিয়ে দিতে হয় খেলা।

ডারবানেও দেখা গেল সেই একই ছবি। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে প্রথম তিন দিনেই শুধুমাত্র আলোর সমস্যার কারণে নষ্ট হয়েছে ৬০ ওভারেরও বেশি খেলা।

অথচ মাত্র এক সপ্তাহ আগেই এই সমস্যা এড়াতে নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। কিন্তু ডারবান টেস্টে সেই নতুন নিয়মের কোনও বাস্তব প্রয়োগই দেখা গেল না।

অক্টোবর মাসে ডারবানের কিংসমিডে আয়োজিত এই টেস্টে সাধারণত সন্ধ্যা ছ'টার কিছু পর সূর্যাস্ত হয়। কিন্তু প্রতিদিনই বিকেল গড়াতেই আকাশে ঘনিয়ে এসেছে মেঘ। প্রথম দিন বিকেল ৩টা ২৩ মিনিটে বন্ধ হয়ে যায় খেলা। দ্বিতীয় দিন খেলা থামে ৪টা ২৫ মিনিটে। তৃতীয় দিনও ৪টা ৩১ মিনিটে মাঠ ছাড়তে হয় ক্রিকেটারদের। আবহবিদদের ব্যাখ্যা, সকালে রোদ থাকলেও দুপুরের পর সমুদ্রের দিক থেকে আসা আর্দ্র বাতাসের প্রভাবে ঘন মেঘ তৈরি হচ্ছে। আর তার ফলেই দিনের শেষ ভাগে ব্যাহত হচ্ছে খেলা।

এই সমস্যা সামাল দিতেই সম্প্রতি নিয়মে বদল এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের আগে থেকেই যদি খারাপ আলোর আশঙ্কা থাকে, তাহলে টসের আগেই দুই দল চাইলে গোলাপি বল ব্যবহারের বিষয়ে সম্মত হতে পারে। যদিও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ম্যাচ চলাকালীন লাল বল বদলে গোলাপি বল ব্যবহারের যে প্রস্তাব দিয়েছিলেন, সেই পথে হাঁটেনি আইসিসি। আশ্চর্যের বিষয়, ডারবান টেস্ট শুরুর আগে গোলাপি বল ব্যবহার করা হবে কি না, তা নিয়ে প্রোটিয়া ও অজি শিবিরের মধ্যে কোনও আলোচনাই হয়নি।

ফ্লাডলাইটের আলোয় লাল বলের তুলনায় গোলাপি বল অপেক্ষাকৃত বেশি দৃশ্যমান। তারপরও গোলাপি বল নিয়ে দলগুলির মধ্যে একটা আশঙ্কা রয়েছে। আইসিসির নিয়ম পরিবর্তনের সুপারিশ করা কমিটির সদস্য ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার শন পোলক। তাঁর মতে, গোলাপি বল নিয়ে দলগুলি অনেক সময় অপ্রয়োজনীয় যুক্তি তুলে ধরে।

পোলকের বক্তব্য, গোলাপি বল বেশি সুইং করে-এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। তাঁর মতে, প্রথম দিন অস্ট্রেলিয়া যখন ১২৪ রানে ৬ উইকেট হারিয়েছিল, তখন গোলাপি বল ব্যবহৃত হলে সেই ব্যর্থতার দায় বলের উপর চাপানো হত। আবার অস্ট্রেলিয়া যখন ৩৯০ রান তুলেছে, তখন বলা হত গোলাপি বল দ্রুত নরম হয়ে যায়। পোলকের দাবি, গোলাপি বল ব্যবহার করা হলে ডারবানে অন্তত আরও ৪৫ ওভার খেলা সম্ভব ছিল।

পরিসংখ্যানও অবশ্য গোলাপি বলের কিছুটা ভিন্ন ছবি তুলে ধরে। ফ্লাডলাইটের নিচে গোলাপি বল মোকাবিলা করতে গিয়ে ব্যাটারদের সমস্যায় পড়তে হয় এবং এই সময়েই ব্যাটিং গড় সবচেয়ে কম থাকে। তার উপর দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড অত্যন্ত শক্তিশালী। এখনও পর্যন্ত ১৫টি পিঙ্ক-বল টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক একাই নিয়েছেন ৮৯টি উইকেট। ফলে গোলাপি বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে স্বাভাবিকভাবেই কিছুটা বাড়তি চাপ থাকে প্রতিপক্ষের।

তবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ভার্নন ফিলান্ডারের মত আলাদা। তাঁর মতে, পরিস্থিতি অনুযায়ী ম্যাচ চলাকালীনই বল পরিবর্তনের সুযোগ থাকা উচিত। আলো কমে গেলে গোলাপি বল ব্যবহারের সিদ্ধান্ত আম্পায়ারদের উপর ছেড়ে দেওয়ার পক্ষপাতী তিনি। তাঁর মতে, মাঠের পরিস্থিতি বিবেচনা করে বল বদলের এই ক্ষমতা আধিকারিকদের হাতে তুলে দেওয়া উচিত আইসিসির।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din