রানওয়েতে নামার মুহূর্তেই বিপত্তি! শুক্রবার দিল্লি থেকে বিলাসপুরে পৌঁছনো অ্যালায়েন্স এয়ারের বিমান 9I-613-এর বাঁ-দিকের মূল চাকায় আচমকা সমস্যা দেখা দেয়। অবতরণের সময় চাকা ফেটে যাওয়ায় মুহূর্তের জন্য আতঙ্ক ছড়াল বিলাসপুর বিমানবন্দরে। তবে বড়সড় দুর্ঘটনা এড়িয়ে বিমানে থাকা ৪১ জনকেই নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, বিমানে ছিলেন ৩৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য। সকাল ১১টা ১১ মিনিটে দিল্লি থেকে উড়েছিল বিমানটি। প্রায় দুপুর ১টা ২২ মিনিট নাগাদ বিলাসপুর বিমানবন্দরে অবতরণ করে। সেই সময়ই বাঁ-দিকের মূল চাকায় সমস্যা ধরা পড়ে। বিমানটি থামার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিমানবন্দর ও বিমান সংস্থার কর্মীরা। একে একে সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যকে বিমান থেকে নামিয়ে টার্মিনাল ভবনে নিয়ে যাওয়া হয়।
ঘটনায় কোনও যাত্রী বা ক্রু সদস্য আহত হননি। তবে নিরাপত্তার কারণে বিমানটি সেদিন আর উড়তে দেওয়া হয়নি। বাতিল করা হয় বিলাসপুর থেকে বিমানের পরবর্তী নির্ধারিত পরিষেবাও। কী কারণে মূল চাকা বিকল হল, তা খতিয়ে দেখতে ইঞ্জিনিয়ারদের একটি দল বিমানের পরীক্ষা-নিরীক্ষা করবে বলে জানিয়েছে অ্যালায়েন্স এয়ার।
বিমান সংস্থার তরফে আরও জানানো হয়েছে, একই বিমানটি এদিনের শুরুতে দিল্লি-কুলু-দিল্লি রুটে পরিষেবা দিয়েছিল। ফলে পরপর একাধিক সেক্টরে চলাচলের পরই বিলাসপুরে এসে চাকায় সমস্যা কেন দেখা দিল, তা-ও তদন্তের আওতায় আসছে।
এর আগেও বিমানে আগুন ঘিরে আতঙ্ক
বিমানযাত্রায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। চলতি বছরের ৫ মে হায়দরাবাদ থেকে চণ্ডীগড়গামী ইন্ডিগোর একটি বিমানে এক যাত্রীর ব্যক্তিগত পাওয়ার ব্যাংক থেকে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছিল। চণ্ডীগড়ে বিমান অবতরণের পর বিমানটি স্থির অবস্থায় থাকাকালীন ওই ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে দ্রুত যাত্রীদের বিমান থেকে নামিয়ে টার্মিনালে সরিয়ে নেওয়া হয়। পরে বিমানটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
বিলাসপুরের ঘটনায় আপাতত স্বস্তির বিষয় একটাই-চাকা বিকল হলেও বড় কোনও বিপদ ঘটেনি, নিরাপদেই বিমানের ৪১ আরোহীকে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

