রাজ্যে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ক্রমশ বাড়ছে। মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে শুরু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিডিও অফিস, পুরসভা, ডিএম অফিস এবং বিভিন্ন সাইবার ক্যাফেতে আবেদনকারীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই প্রকল্পে আবেদন জমা দেওয়ার জন্য ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে অনলাইন ও অফলাইন-দুই পদ্ধতিতেই আবেদন করা যাচ্ছে। ২৭ মে থেকে অফলাইন ফর্ম বিতরণ শুরু হয়েছে এবং ২৯ মে থেকে অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে।
জানা গিয়েছে, যাঁরা ২ জুনের মধ্যে আবেদন সম্পূর্ণ করবেন, তাঁরা জুন মাসের কিস্তিতেই ৩০০০ টাকা পাওয়ার সুযোগ পেতে পারেন। ৩ জুন থেকে ডিবিটি পদ্ধতিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
তবে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবারের তথ্য, ব্যাঙ্কের বিবরণ, আয়, সম্পত্তি ও অন্যান্য তথ্য সঠিকভাবে দিতে হবে। কোনও ভুল বা বিভ্রান্তিকর তথ্য জমা পড়লে আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে।

