Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বদলার ম্যাচ না ইতিহাসের পুনরাবৃত্তি? ফাইনালে আরসিবি বনাম গুজরাত

বদলার ম্যাচ না ইতিহাসের পুনরাবৃত্তি? ফাইনালে আরসিবি বনাম গুজরাত

ইপিএল ২০২৬-এর দীর্ঘ ৭৩ ম্যাচের যাত্রার শেষ অধ্যায় আজ। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার রাতে ফাইনালে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও গুজরাত টাইটান্স। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং অনলাইন স্ট্রিমিং হবে জিওহটস্টারে।

দুই দলই নিজেদের দ্বিতীয় আইপিএল শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। গতবারের চ্যাম্পিয়ন আরসিবি আত্মবিশ্বাসের তুঙ্গে থাকলেও ঘরের মাঠে খেলতে নামা শুভমান গিলের গুজরাত টাইটান্সও ট্রফি জয়ের ব্যাপারে সমানভাবে মরিয়া। প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর কাছে ৯২ রানের বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে গুজরাত।

দুই দলের হেড-টু-হেড পরিসংখ্যানও লড়াইয়ের উত্তেজনা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত মোট ৯ বার মুখোমুখি হয়েছে আরসিবি ও গুজরাত। তার মধ্যে ৫টি ম্যাচ জিতেছে বেঙ্গালুরু এবং ৪টিতে জয় পেয়েছে গুজরাত। চলতি মরসুমে তিনবারের সাক্ষাতে দু'বার জিতেছে আরসিবি। বিশেষ করে প্রথম কোয়ালিফায়ারে রজত পাটিদারের ঝোড়ো ৯৩ রানের ইনিংসের সুবাদে ২৫৪ রান তুলে গুজরাতকে কার্যত উড়িয়ে দিয়েছিল তারা।

ফাইনালের পিচ রিপোর্ট বলছে, লাল মাটির উইকেটে ব্যাটারদের জন্য অনুকূল পরিস্থিতি থাকতে পারে। বল ব্যাটে ভালো আসবে এবং সমান বাউন্স পাওয়া যাবে, ফলে বড় স্কোরের ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। তবে নতুন বলে পেসাররাও কিছুটা সাহায্য পেতে পারেন। আবহাওয়ার পূর্বাভাসও স্বস্তিদায়ক। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দিনের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যদিও ম্যাচের সময় তা কিছুটা কমবে।

সব মিলিয়ে আইপিএল ২০২৬-এর মঞ্চ প্রস্তুত। এখন দেখার, ট্রফি ওঠে বিরাট কোহলিদের বেঙ্গালুরুর হাতে, নাকি শুভমান গিলের গুজরাত শেষ হাসি হাসে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din