মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি কখনও সরকারি বেতন বা পেনশন নেননি। তাঁর দাবি ছিল, বইয়ের রয়্যালটি এবং নিজের আঁকা ছবি বিক্রির অর্থেই ব্যক্তিগত খরচ চালান। কিন্তু ক্ষমতা হারানোর পর এবার তিনি অভিযোগ করেছেন, চলতি বছরে এখনও পর্যন্ত বই বিক্রির রয়্যালটির টাকা তাঁর হাতে পৌঁছায়নি।
মঙ্গলবার ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এ বছর এখনও পর্যন্ত তাঁর কোনও বইয়ের রয়্যালটি মেলেনি। এই ঘটনার পিছনে রাজনৈতিক প্রভাব থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তাঁর কথায়, তিনি কখনও বেতন বা পেনশন নেননি, বরাবরই বইয়ের রয়্যালটির ওপর নির্ভর করেছেন। বইমেলায় পাঠকেরা তাঁর বই কিনেছেন, এমনকি দলের কর্মীরাও 'জাগো বাংলা' স্টল থেকে বই সংগ্রহ করেছেন। তবুও এখনও পর্যন্ত সেই অর্থ তাঁর কাছে পৌঁছায়নি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বিজেপির ভূমিকা থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন।
অন্যদিকে, প্রকাশনা সংস্থাগুলির বক্তব্য ভিন্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বই প্রকাশ করেছে 'দে'জ পাবলিকেশন' এবং 'বি বুকস'। 'দে'জ পাবলিকেশন'-এর তরফে জানানো হয়েছে, প্রতি বছর জুন-জুলাই মাসের বিক্রির হিসেব চূড়ান্ত করে আগস্ট মাসেই রয়্যালটির অর্থ পাঠানো হয়। এবারও সেই নিয়ম মেনেই টাকা দেওয়া হবে।
এদিকে 'বি বুকস' জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়্যালটির বিষয়টি যাঁরা আগে দেখভাল করতেন, তাঁদের সঙ্গে এখন আর যোগাযোগ করা যাচ্ছে না। ফোন নম্বর পরিবর্তন হয়ে যাওয়ায় অর্থ পাঠানোর ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হয়েছে বলে সংস্থার দাবি।

