পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে যখন এনসিপিআই-এর সম্ভাব্য অবস্থান পরিবর্তন নিয়ে জোর জল্পনা চলছে, তখন সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তবে জল্পনায় সরাসরি সায় না দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এ বিষয়ে মন্তব্য করার অধিকার তাঁর নেই।
সম্প্রতি তৃণমূল ছেড়ে আসা কয়েকজন সাংসদ এনডিএ-তে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
যদিও এনসিপিআই নেতা আবু তাহের জানিয়েছেন, তাঁরা এনসিপিআই-তে রয়েছেন, কিন্তু এনডিএ-র অংশ নন। এই পরিস্থিতিতে অগ্নিমিত্রা পাল বলেন, দলের সব বিষয়ে মন্তব্য করার অনুমতি সকলের থাকে না। তাঁর কথায়, দলের নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত, তাই জল্পনা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না।
এদিকে, তৃণমূলের একাধিক নেতা ও সাংসদ অন্য রাজনৈতিক শিবিরে যেতে পারেন বলেও নানা মহলে আলোচনা চলছে। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, কে কোন দলে যাচ্ছেন বা নতুন দল করছেন, তা নিয়ে তিনি আগ্রহী নন। তাঁর দাবি, বর্তমান সরকারের লক্ষ্য রাজ্যের উন্নয়ন এবং ২০২৭ সালের মধ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন।
অন্যদিকে, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের কাছ থেকে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধারের ঘটনায়ও কড়া প্রতিক্রিয়া দেন অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, এটি কেবল শুরু, ভবিষ্যতে আরও বড় আর্থিক কেলেঙ্কারির তথ্য সামনে আসতে পারে। তিনি অভিযোগ করেন, আগের সরকারের আমলে এই ধরনের দুর্নীতির বিষয়ে শাসক নেতৃত্ব অবগত ছিল বলেই তাঁর ধারণা।
একইসঙ্গে তিনি দাবি করেন, দুর্নীতির মাধ্যমে যে বিপুল অর্থ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছে, সেই অর্থ সরকারি কোষাগারে এলে রাজ্যের উন্নয়নে ব্যবহার করা সম্ভব হত। রাজনৈতিক জল্পনা ও দুর্নীতির অভিযোগ-দুই ইস্যুতেই অগ্নিমিত্রার বক্তব্য এখন নতুন করে রাজ্যের রাজনৈতিক বিতর্ককে উসকে দিয়েছে।

