ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয় থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই মামলাতেই অবশেষে মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তিনি। নির্ধারিত সময় দুপুর ১২টার পর, প্রায় ১২টা ১৭ মিনিট নাগাদ নিজের গাড়িতে করে থানায় পৌঁছন অভিষেক।
অভিষেক একাই গাড়িতে থানায় গেলেও বাইরে তখন তাঁর অনুগামীদের ভিড়। বৃষ্টি উপেক্ষা করে বহু কর্মী-সমর্থক থানার সামনে জড়ো হন। সেখান থেকেই অভিষেকের সমর্থনে স্লোগান দিতে থাকেন তাঁরা। কর্মীদের বক্তব্য, 'দাদা' যতক্ষণ থানার ভিতরে থাকবেন, ততক্ষণ তাঁরাও বাইরে অপেক্ষা করবেন।
গত ২৭ আগস্ট, বৃহস্পতিবার এই ঘটনার সূত্রপাত। ওই দিন বিকেলে কয়েকজন পুরকর্মী এবং পুলিশ আধিকারিক ক্যামাক স্ট্রিটে অভিষেকের পার্টি অফিসে যান। তাঁদের সঙ্গে ছিল গ্যাসকাটারও। পুরকর্মীদের তরফে জানানো হয়, পার্টি অফিসের সামনে থাকা বিলবোর্ডটি বেআইনি এবং সেটি খুলে ফেলতে হবে।
বিষয়টি জানতে পেরে কার্যালয় থেকে বেরিয়ে আসেন অভিষেক। তিনি বিলবোর্ড খোলার সরকারি নির্দেশের কপি দেখতে চান বলে দাবি করেন। অভিষেকের অভিযোগ, পুরকর্মীরা সেই নথি দেখাতে পারেননি। তা নিয়েই দু'পক্ষের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়।
এই ঘটনার পর অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে কলকাতা পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ। এরপর নোটিস পাঠিয়ে মঙ্গলবার তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
সেই নোটিস মেনেই এদিন থানায় হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁকে ঘিরে থানার বাইরে ভিড় করেন দলের কর্মী-সমর্থকেরা। বৃষ্টির মধ্যেই তাঁরা 'তোমার নেতা, আমার নেতা, সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' স্লোগান দেন। ওঠে 'জয় বাংলা' ধ্বনিও। পুলিশি জিজ্ঞাসাবাদ যতক্ষণ চলবে, ততক্ষণ থানার বাইরে থাকার কথাও জানান সমর্থকেরা।
এদিকে, ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড খোলার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় আরও কয়েকজন তৃণমূল নেতাকে নোটিস দিয়েছে পুলিশ। তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং প্রাক্তন আইপিএস ও প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকেও তলব করা হয়েছে। এর আগে রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।

