ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের পর এবার কলকাতায় আরও এক বড় ফুটবল চমকের সম্ভাবনা। যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে পারে এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার কিংবদন্তিদের নিয়ে ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে রাজ্য ক্রীড়া দফতর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফেও এই ম্যাচ আয়োজনের বিষয়ে সবুজ সংকেত মিলেছে বলে খবর।
জানা গিয়েছে, আগামী ২৫ নভেম্বর যুবভারতীতে মুখোমুখি হতে পারে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লেজেন্ডরা। অর্থাৎ বর্তমান দলের তারকারা নয়, কলকাতার মাটিতে দেখা যাবে দুই ক্লাবের প্রাক্তন তারকাদের ফুটবল লড়াই। সেই তালিকায় থাকতে পারেন পর্তুগালের কিংবদন্তি লুই ফিগো।
বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথগুলির অন্যতম এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই ঘিরে শুধু স্পেন নয়, গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয় তীব্র উত্তেজনা। একসময় মেসি-রোনাল্ডোর দ্বৈরথ যেমন এই ম্যাচের আকর্ষণের কেন্দ্র ছিল, বর্তমানে তেমনই ভিনিসিয়াস জুনিয়র ও লামিনে ইয়ামালদের লড়াই ঘিরে আগ্রহ তুঙ্গে। বিশ্বজুড়ে এই দুই ক্লাবের বিপুল সমর্থক রয়েছে। বাংলাতেও রিয়াল ও বার্সেলোনার অসংখ্য অনুরাগী রয়েছেন। ফলে এবার তাঁদের সামনে প্রিয় ক্লাবের কিংবদন্তি ফুটবলারদের সরাসরি মাঠে দেখার সুযোগ আসতে পারে।
কিছুদিন আগেই কলকাতার মাটিতে খেলেছে ব্রাজিল ও উরুগুয়ে। দুই বিশ্বচ্যাম্পিয়ন দেশের পর এবার বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাবের কিংবদন্তিদের ফুটবল দ্বৈরথ দেখার অপেক্ষায় তিলোত্তমা।
তবে ভারতে এই প্রথম লেজেন্ডদের এল ক্লাসিকো হতে চলেছে, এমন নয়। ২০২৫ সালের এপ্রিলে নবি মুম্বইয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কিংবদন্তিরা একে অপরের মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ।
কলকাতার ম্যাচে দুই দলের হয়ে ঠিক কারা মাঠে নামবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। রিয়াল মাদ্রিদের লেজেন্ডস দলে লুই ফিগো, ইকার ক্যাসিয়াস, পেপে, রবার্তো কার্লোসের মতো তারকাদের দেখা যায়। অন্যদিকে বার্সেলোনার কিংবদন্তিদের দলে রয়েছেন রিভাল্ডো, রোনাল্ডিনহো, কার্লোস পুওলের মতো বিশ্বখ্যাত ফুটবলাররা। ভারতে তাঁদের জনপ্রিয়তাও যথেষ্ট। জানা যাচ্ছে, সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে টিকিটের দামও নাগালের মধ্যেই রাখার পরিকল্পনা রয়েছে।

