Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ব্রিটিশ নাগরিক আমির, এবার কি আইপিএলে দেখা যাবে? জল্পনায় নতুন মাত্রা

ব্রিটিশ নাগরিক আমির, এবার কি আইপিএলে দেখা যাবে? জল্পনায় নতুন মাত্রা

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর থেকেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পাকিস্তানের প্রাক্তন বাঁহাতি পেসার মহম্মদ আমির। সম্প্রতি দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটস দলে সুযোগ পেলেও তাঁকে বিদেশি নয়, বরং ডোমেস্টিক ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর থেকেই ক্রিকেটমহলে প্রশ্ন উঠেছে, ব্রিটিশ নাগরিক হওয়ার সুবাদে ভবিষ্যতে কি আইপিএলেও খেলতে দেখা যাবে আমিরকে?

পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকলেও, অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে সেই নিয়মের বাইরে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণেই আমিরের আইপিএল-ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

দ্য হান্ড্রেড চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমির জানিয়েছেন, ২০২৭ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনি বিদেশি ক্রিকেটার হিসেবে অংশ নেবেন। তবে আইপিএলে খেলার বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তাঁর কথায়, "২০২৭ সালে আমি বিদেশি ক্রিকেটার হিসেবে পিএসএল খেলব। কিন্তু আইপিএলে খেলব কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।"

উল্লেখ্য, পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আজহার মাহমুদও ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণের পর ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে খেলেছিলেন। প্রথমে তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে মাঠে নামেন তিনি, পরে যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে।

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মহম্মদ আমির। পাকিস্তানের হয়ে তিনি খেলেছেন ৩৬টি টেস্ট, ৬১টি একদিনের আন্তর্জাতিক এবং ৬২টি টি-২০ ম্যাচ। বাঁহাতি পেসার হিসেবে এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর চাহিদা যথেষ্ট।

তবে দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে ডোমেস্টিক ক্রিকেটার হিসেবে তাঁর অন্তর্ভুক্তি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন, বিদেশি ক্রিকেটার হিসেবে ড্রাফটে নাম নথিভুক্ত করার পর কীভাবে তাঁকে স্থানীয় ক্রিকেটারের মর্যাদা দেওয়া হল? যদিও এই বিষয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অনুমোদন দিয়েছে। ফলে ট্রেন্ট রকেটসের হয়ে খেলতে আমিরের সামনে আর কোনও প্রশাসনিক বাধা নেই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din