Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চণ্ডীতলায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মাথায় আঘাত পেয়ে আহত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

চণ্ডীতলায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মাথায় আঘাত পেয়ে আহত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

হুগলির চণ্ডীতলা থানার সামনে রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। দলীয় কর্মীদের গ্রেফতার ও হেনস্থার অভিযোগে থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আহত হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভ চলাকালীন থানার সামনে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ, দূর থেকে ছোড়া একটি ঢিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় লাগে। আঘাত পেয়ে তিনি মাটিতে বসে পড়েন। পরে কর্মীরা তাঁকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন। মাথায় রুমাল চেপে ধরেই তিনি ঘটনাস্থলে অবস্থান বিক্ষোভে অংশ নেন।

এই ঘটনার জন্য বিজেপি ও পুলিশের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে নিশানা করা হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। পাশাপাশি তিনি রাজ্যের সাধারণ মানুষের কাছে গণতান্ত্রিক প্রতিবাদে শামিল হওয়ার আবেদন জানান।

ঘটনার সময় থানার সামনে কালো পতাকা প্রদর্শন ও স্লোগান দেওয়ার অভিযোগও ওঠে। বিক্ষোভস্থলে কিছু সময়ের জন্য চরম উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ আধিকারিকরা সাংসদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

উল্লেখ্য, আগের দিন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার প্রতিবাদ এবং বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের অভিযোগ তুলে রবিবার চণ্ডীতলা থানার সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

চণ্ডীতলার এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূল উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছে, ফলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din