বলিউডের ঝলমলে দুনিয়ার তারকা হলেও মা হিসেবে করিনা কাপুর খান একেবারেই অন্যরকম। দুই ছেলে তৈমুর ও জেহকে বড় করার ক্ষেত্রে তিনি যে শুধু শাসন বা নিয়মের কথা ভাবেন না, বরং তাঁদের আবেগকেও সমান গুরুত্ব দেন-সম্প্রতি এক অনুষ্ঠানে তা স্পষ্ট করে জানালেন অভিনেত্রী।
মেঘনা গুলজার পরিচালিত করিনার নতুন ছবি 'দায়রা'-র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে মাতৃত্ব নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী।
সেখানেই তিনি জানান, তাঁর দুই ছেলে যেন নিজেদের অনুভূতি কখনও চেপে না রাখে, সেটাই তাঁর অন্যতম লক্ষ্য।
করিনার কথায়, "আমি দুটো ছেলের মা। মাঝে মাঝে ভীষণ ভয় করে। মা হিসেবে সবসময় সন্তানদের সেরাটা দিতে চাই, ওদের রক্ষা করতে চাই। কিন্তু একই সঙ্গে চাই ওরা যেন দয়ালু মানুষ হয়ে ওঠে।"
সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা একটি ধারণা হল-ছেলেদের শক্ত হতে হবে, আবেগ প্রকাশ করা যাবে না, এমনকি কাঁদাও উচিত নয়। করিনা অবশ্য এই মানসিকতার সম্পূর্ণ বিপরীত। তাঁর মতে, ছেলে বা পুরুষদের আবেগ প্রকাশ করার মধ্যে কোনও লজ্জা নেই।
অভিনেত্রী আরও বলেন, কোনও ছেলে যদি কষ্ট পায়, তাহলে তার চোখে জল আসতেই পারে। মা কিংবা কোনও মহিলার সামনে কাঁদতেও তাঁর ভয় পাওয়ার প্রয়োজন নেই। বরং নিজের অনুভূতি প্রকাশ করতে পারা একজন মানুষের মানসিক শক্তিরই পরিচয়।
তৈমুর জন্মের পর থেকেই পাপারাজ্জিদের নজরে। ছোট্ট বয়সেই সে হয়ে উঠেছিল বলিউডের অন্যতম চর্চিত স্টারকিড। পরে সইফ-করিনার ছোট ছেলে জেহও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। তবে প্রচারের আলো যতই থাকুক, সন্তানদের স্বাভাবিক ও সংবেদনশীল মানুষ হিসেবেই বড় করতে চান করিনা।
তাই তৈমুর-জেহর জন্য তাঁর বার্তা একটাই-ছেলে বলে আবেগ লুকিয়ে রাখতে হবে না। মন খারাপ হলে কাঁদো, নিজের অনুভূতির কথা বলো, আর সবার প্রতি দয়ালু হও।

