ছ'মাস কেটে গিয়েছে। তবু মেয়ের কোনও সন্ধান পাননি বাবা। পুলিশের দ্বারস্থ হয়েছেন, বিভিন্ন জায়গায় খুঁজেছেন, মেয়ের ছবি হাতে নিয়ে ঘুরেছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কোথাও মেলেনি আশার খবর। এবার শেষ ভরসা মুখ্যমন্ত্রী। তাই মেয়ের ছবি-সহ প্ল্যাকার্ড বুকে নিয়ে তারাপীঠে হাজির অর্ধেন্দু সিংহ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারাপীঠে আসবেন জানতে পেরেই সেখানে পৌঁছে যান তিনি। তাঁর একটাই লক্ষ্য-কোনওভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে মেয়েকে খুঁজে দেওয়ার আবেদন জানানো।
অর্ধেন্দুবাবুর মেয়ে অমৃতা সিংহ গত ১৩ মার্চ থেকে নিখোঁজ। ঘটনার পর সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মেয়ের সন্ধানে পুলিশের পাশাপাশি সিআইডিরও সহযোগিতা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু দীর্ঘ ছ'মাস পরেও অমৃতার কোনও সন্ধান মেলেনি।
মেয়েকে খুঁজতে বীরভূমের বিভিন্ন এলাকা ঘুরেছেন বাবা। শুধু নিজের জেলাতেই নয়, মায়াপুরেও গিয়েছেন। ইসকন মন্দির-সহ বিভিন্ন জায়গায় মেয়ের ছবি দেখিয়ে মানুষের কাছে খোঁজ নিয়েছেন। হাতে থাকা প্ল্যাকার্ডে মেয়ের ছবি দেখিয়ে কেউ কোনও তথ্য দিতে পারেন কি না, সেই আশাতেই দিনের পর দিন পথে পথে ঘুরেছেন তিনি।
অর্ধেন্দুবাবুর কথায়, মেয়ের নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবার কার্যত ভেঙে পড়েছে। স্ত্রীও অসুস্থ। পুলিশের কাছে বারবার গিয়েও মেয়ের কোনও সন্ধান না মেলায় তাঁর উদ্বেগ ক্রমেই বেড়েছে। এবার তাই মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি তুলে দিয়ে তদন্তে আরও সক্রিয়তার আবেদন জানাতে চান তিনি।
তারাপীঠে দাঁড়িয়ে উদ্বিগ্ন বাবার অপেক্ষা এখন একটাই-মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি একবার দেখা হয়, যদি তাঁর কাছে পৌঁছে দেওয়া যায় মেয়েকে খুঁজে পাওয়ার আকুতি।

