Dailyhunt
দক্ষিণ ২৪ পরগনায় রিপোল শুরু, সকাল ৯টা পর্যন্ত ভোট ১৬.২৩% - মগরাহাটে ১১, ডায়মন্ড হারবারে ৪ বুথে ফের ভোট

দক্ষিণ ২৪ পরগনায় রিপোল শুরু, সকাল ৯টা পর্যন্ত ভোট ১৬.২৩% - মগরাহাটে ১১, ডায়মন্ড হারবারে ৪ বুথে ফের ভোট

ক্ষিণ ২৪ পরগনার দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে পুনর্নির্বাচন। নির্বাচন কমিশনের নির্দেশে মগরাহাট পশ্চিমের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে ফের ভোটগ্রহণ চলছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই সকাল ৭টা থেকে ভোট শুরু হয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৬.২৩ শতাংশ।

২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে একাধিক অভিযোগ সামনে আসার পর সংশ্লিষ্ট বুথগুলির ভোট বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

মগরাহাট পশ্চিমের যেসব বুথে রিপোল হচ্ছে, তার মধ্যে রয়েছে উত্তর ইয়ারপুর এফপি স্কুল, নাজরা এফপি স্কুলের দুটি বুথ, একতারা মালয়া এফপি স্কুলের দুটি বুথ-সহ একাধিক কেন্দ্র। অন্যদিকে হাই-প্রোফাইল ডায়মন্ড হারবার কেন্দ্রে বাগদা জুনিয়র হাই স্কুল এবং রায়নগর এফপি স্কুল-সহ মোট ৪টি বুথে পুনর্নির্বাচন চলছে। সকাল থেকেই ভোটারদের লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে।

কমিশন সূত্রে দাবি, ২৯ এপ্রিল ভোটের দিন এই বুথগুলিতে গোলমাল, অনিয়ম এবং ভোট প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই ভিডিও ফুটেজ, রিপোর্ট এবং পর্যবেক্ষকদের মতামত খতিয়ে দেখে রিপোলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ফলতা বিধানসভা কেন্দ্রে এখনও কোনও রিপোলের নির্দেশ দেওয়া হয়নি। যদিও সেখানে একাধিক বুথ নিয়ে তদন্ত চলছে। কমিশন সূত্রে খবর, ফলতার প্রায় ৩০টির বেশি বুথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। অভিযোগ উঠেছে কোথাও ইভিএমে টেপ লাগানো হয়েছিল, কোথাও সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার কিছু বুথে প্রায় ১০০ শতাংশ ভোট পড়ার ঘটনাও নজরে এসেছে।

ফলতার রিটার্নিং অফিসারের রিপোর্ট জমা পড়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলে জানা গিয়েছে।

৪ মে গণনার আগে দক্ষিণ ২৪ পরগনায় এই রিপোল ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din