আরামবাগ: আরামবাগের জনসভা থেকে ২০২৬ বিধানসভা নির্বাচনের মাত্র এক মাস আগে দলীয় কর্মী থেকে প্রার্থী-সবার উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের পাশে থেকে তাদের কথা শোনার নির্দেশ দিয়ে তিনি বলেন, "আমি যদি শুনতে পারি, আপনারা শুনবেন না কেন? মানুষের কথা শুনলে ক্ষতি নেই।"
প্রার্থীদের সরাসরি সতর্কবার্তা
সভামঞ্চ থেকেই তৃণমূল প্রার্থীদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন,
"সিনিয়রদের সম্মান দিয়ে, ছাত্র-যুব-মহিলাদের নিয়ে সবাই মিলে কাজ করুন। যে করবে না, আমার থেকে বড় শত্রু তার কেউ হবে না।"
তিনি আরও জানান, প্রার্থী যেই হোন, সংগঠনের মূল শক্তি হল বুথস্তরের কর্মীরা।
"বুথ আগলায় কর্মীরা, ব্লক আগলায় কর্মীরা। যারা কাজ করে তারা নিচে বসে, কিন্তু গুরুত্ব তাদেরই সবচেয়ে বেশি।"
SIR প্রক্রিয়া ও নাম ছাঁটাই নিয়ে ফের আক্রমণ
SIR নিয়ে রাজ্যজুড়ে অভিযোগের প্রসঙ্গ তুলে মমতা বলেন,
"এত মানুষের নাম কেটেছে যেন উকুন বাদ দিয়েছে! মা-বোনেদের নাম বাদ, সাধারণ মানুষের নাম বাদ। বাবা সাহেব আম্বেদকরের পরিবারের নামও বাদ।"
তিনি দাবি করেন, তাদের আইনি লড়াইয়ে ইতিমধ্যেই ৩২ লক্ষ মানুষের নাম ফেরত তুলেছে রাজ্য।
"এর প্রভাব ভোটবাক্সে পড়বে না।"
"বিজেপি বদলে দেওয়া অফিসার দিয়ে প্রশাসন দখল করতে চাইছে"
রাজ্যের বহু আধিকারিককে বদলি করার বিষয়টি তুলে আবারও অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।
"যারা কাজ জানতেন, তাদের সবাইকে বদলে দিয়েছে। কিন্তু এরা আগামীদিনে বাংলায় নিরপেক্ষভাবে কাজ করবেন-বিজেপির লোক নয়।"
এরপর বিজেপিকে নিশানা করে তাঁর মন্তব্য-
"আর এক মাস… তারপর বিজেপি এপাশ ওপাশ ধপাস।"
অসমের এনআরসি উদাহরণ টেনে সতর্কতা
অসমে হওয়া এনআরসির উদাহরণ টেনে মমতা বলেন,
"১৯ লক্ষ লোকের নাম বাদ গেছিল-১৩ লক্ষ হিন্দু, ছয় লক্ষ মুসলিম। ভুলবেন না আপনাদেরও লাইনে দাঁড় করাতে পারে।"

