ভোটগণনার দিন কোনওরকম অঘটন বা বিশৃঙ্খলার সুযোগ না দিতেই এবার আগেভাগে কৌশল সাজিয়ে ফেলল Mamata Banerjee-Abhishek Banerjee নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আর সেই কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে সামনে এলেন রাজ্যের প্রাক্তন পুলিশ ডিজি তথা বর্তমান রাজ্যসভার সাংসদ Rajeev Kumar।
সোমবারের ভোটগণনাকে সামনে রেখে শনিবার তৃণমূলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মমতা ও অভিষেক।
দলীয় সূত্রের খবর, সেই বৈঠকেই সাংগঠনিক জেলা ভিত্তিক বিশেষ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। আর দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার মতো অত্যন্ত স্পর্শকাতর এলাকায় গণনা পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব কুমারকে।
তৃণমূল নেতৃত্বের মতে, দমদম-ব্যারাকপুর অঞ্চলে একাধিক হাই-ভোল্টেজ আসন থাকায় সেখানে অভিজ্ঞ প্রশাসনিক নজরদারি প্রয়োজন ছিল। দীর্ঘ পুলিশি অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতার কারণেই রাজীব কুমারের উপর এই দায়িত্বে আস্থা রাখা হয়েছে।
শুধু রাজীবই নন, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকেও গণনার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। Deepak Adhikari-কে ঘাটাল সাংগঠনিক জেলার পর্যবেক্ষক করা হয়েছে। অন্যদিকে June Malia থাকছেন মেদিনীপুর সাংগঠনিক জেলার দায়িত্বে।
এর আগেও লোকসভা নির্বাচনে নির্দিষ্ট কেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক পাঠানোর কৌশল নিয়েছিল তৃণমূল। তমলুকে দায়িত্বে ছিলেন Rajib Banerjee, আরামবাগে Shantanu Sen এবং বাঁকুড়ায় Samir Chakraborty। এবারও একই মডেল অনুসরণ করেই গণনার দিনকে ঘিরে সংগঠনকে আরও শক্তিশালী করার পথে হাঁটছে শাসকদল।
বৈঠকে দলীয় কর্মী ও এজেন্টদের উদ্দেশে মমতা ও অভিষেক স্পষ্ট বার্তা দেন- বুথফেরত সমীক্ষা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তৃণমূল নেতৃত্বের দাবি, নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে এবং বাজারে ইতিবাচক বার্তা পাঠাতেই বিভিন্ন সমীক্ষায় বিজেপিকে বাড়তি সুবিধা দেখানো হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের ৩১ জানুয়ারি রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি পদ থেকে অবসর নেন রাজীব কুমার। এরপর ২৭ ফেব্রুয়ারি তাঁকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করে তৃণমূল এবং ৭ মার্চ তিনি সাংসদ হিসেবে শপথ নেন। রাজনৈতিক জীবনে এটি তাঁর প্রথম বড় সাংগঠনিক দায়িত্ব।
গণনার আগে এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে- ফল ঘোষণার দিন কোনও ঝুঁকি নিতে নারাজ তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, গণনা কেন্দ্রগুলিতে কড়া নজরদারি রেখে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ে আক্রমণাত্মক অবস্থানেই থাকতে চাইছে ঘাসফুল শিবির।

