H-1B ভিসা নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার H-4 ভিসা নিয়েও বড় পরিবর্তনের পথে আমেরিকার ট্রাম্প প্রশাসন। H-1B ভিসাধারীদের স্বামী বা স্ত্রীর কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রস্তাবটি কার্যকর হলে এক দশকেরও বেশি সময় ধরে চালু থাকা নিয়মে বড় পরিবর্তন আসবে।
আর এর সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারতীয় পরিবারগুলির উপর।
আমেরিকায় কাজ করার জন্য বিদেশি নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ ভিসা হল H-1B। কোনও ব্যক্তি H-1B ভিসায় আমেরিকায় কর্মরত থাকলে তাঁর নির্ভরশীল স্বামী বা স্ত্রী H-4 ভিসার মাধ্যমে সেখানে থাকতে পারেন। তবে H-4 ভিসা নিজে কাজের অনুমতি দেয় না। চাকরি করতে হলে নির্দিষ্ট ক্ষেত্রে Employment Authorization Document বা EAD-এর প্রয়োজন হয়।
ট্রাম্প প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, H-4 ভিসাধারীদের EAD দেওয়ার বর্তমান ব্যবস্থা বন্ধ করে দেওয়া হতে পারে। তবে এই মুহূর্তে এটি শুধুই প্রস্তাব। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
২০১৫ সালে তৎকালীন ওবামা প্রশাসন নির্দিষ্ট কিছু H-4 ভিসাধারীকে আমেরিকায় বৈধভাবে কাজ করার সুযোগ দেয়। মূলত, যেসব H-1B ভিসাধারী গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের যোগ্য স্বামী বা স্ত্রী H-4 EAD-এর জন্য আবেদন করতে পারেন। ট্রাম্প প্রশাসনের প্রস্তাব কার্যকর হলে ২০১৫ সালে চালু হওয়া এই নিয়ম প্রত্যাহার করা হতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট H-4 ভিসাধারীরা আর নতুন করে EAD-এর জন্য আবেদন করতে পারবেন না।
এই পরিবর্তনের প্রভাব ভারতীয়দের উপর তুলনামূলকভাবে বেশি পড়তে পারে। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে অনুমোদিত H-4 EAD-এর প্রায় ৯৩ শতাংশ আবেদনকারী ছিলেন ভারতীয়। তাঁদের মধ্যে প্রায় ৯৪ শতাংশই ছিলেন মহিলা।
অন্যদিকে, USCIS-এর পরিসংখ্যান বলছে, ২০২৪ অর্থবর্ষে অনুমোদিত H-1B পিটিশনের প্রায় ৭১ শতাংশের সঙ্গে ভারতীয় নাগরিকরা যুক্ত ছিলেন। ফলে H-4 EAD ব্যবস্থা বাতিল হলে বহু ভারতীয় পরিবার আর্থিকভাবে সমস্যার মুখে পড়তে পারে।
তবে আপাতত H-4 EAD থাকা ব্যক্তিদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ এখনও কোনও চূড়ান্ত নিয়ম জারি হয়নি। বৈধ EAD থাকা H-4 ভিসাধারীরা আপাতত আগের নিয়মেই আমেরিকায় কাজ চালিয়ে যেতে পারবেন। ভবিষ্যতে চূড়ান্ত নিয়ম প্রকাশিত হলে এবং তা কার্যকর হলে তবেই এই ব্যবস্থায় পরিবর্তন আসবে।
উল্লেখ্য, H-4 কোনও ওয়ার্ক ভিসা নয়। H-1B ভিসাধারীর স্বামী, স্ত্রী ও সন্তানরা নির্ভরশীল হিসেবে H-4 ভিসায় আমেরিকায় থাকতে পারেন। তবে চাকরি করার জন্য স্বামী বা স্ত্রীকে আলাদা করে EAD নিতে হয়। আবার সমস্ত H-4 ভিসাধারী EAD পাওয়ার যোগ্যও নন। মূলত, যেসব H-1B ভিসাধারী গ্রিন কার্ড পাওয়ার নির্দিষ্ট পর্যায়ে রয়েছেন, তাঁদের যোগ্য স্বামী বা স্ত্রী এই কাজের অনুমতির জন্য আবেদন করতে পারেন। EAD না থাকলে H-4 ভিসায় আমেরিকায় থাকা গেলেও বৈধভাবে চাকরি করা যায় না।

