তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল। এই অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মমতার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় সভার আয়োজন করেছিল তৃণমূল। হাইকোর্টের নির্দেশ মেনে কালীঘাট-তৃণমূলের সভা হয় ক্যাথিড্রাল রোডে। তবে সভা ঘিরে আদালতের নির্দিষ্ট করে দেওয়া একাধিক শর্ত ভাঙা হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়েও আপত্তি জানান তিনি।
শুভেন্দুর অভিযোগ, "দেখুন কীভাবে হাইকোর্টের অর্ডার ভাঙলেন। গাছের নীচে থাকা লোকদের ডেকে এনে রাস্তা বন্ধ করে দিলেন। এফআইআর করার নির্দেশ দিয়েছি, ওঁর বিরুদ্ধে হাইকোর্টে মুভ করার কথাও বলেছি।"
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান আয়োজন নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীই আদালতের দ্বারস্থ হয়েছিল। আদালতের নির্দেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে রানি রাসমনি রোডে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলকে ক্যাথিড্রাল রোডের একাংশে সভা করার অনুমতি দেওয়া হয়।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সভায় সর্বাধিক ১৫০০ জন কর্মী-সমর্থক উপস্থিত থাকতে পারবেন। অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশকে। পাশাপাশি দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে কর্মসূচি শেষ করার নির্দেশ ছিল। ক্যাথিড্রাল রোড এবং রানি রাসমনি রোডের অন্তত একটি করে দিক যান চলাচলের জন্য খোলা রাখার কথাও জানিয়েছিল আদালত।

