বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ল নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নিশীথ সূর্যের দেশ। অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হল হতাশার সুরে।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম বড় সুযোগ নষ্ট করে ব্রাজিল।
১২ মিনিটে ভিএআরের সহায়তায় পেনাল্টি পেলেও ব্রুনো গিমারায়েসের দুর্বল শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড। প্রথমার্ধে ভিনি জুনিয়র, মাতেউস কুনহা ও ব্রাজিলের একাধিক আক্রমণ প্রতিহত করে দলের ভরসা হয়ে ওঠেন তিনি।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে আন্দ্রেয়াস শেলদেরুপ ও অস্কার বব নামার পর নরওয়ের আক্রমণে গতি আসে। ৮০ মিনিটে শেলদেরুপের নিখুঁত ক্রসে শক্তিশালী হেডে গোল করে দলকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। গোল খাওয়ার পর নেইমারকে নামিয়েও ম্যাচে ফেরার ছন্দ খুঁজে পায়নি ব্রাজিল। উল্টে শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন হালান্ড।
যোগ করা সময়ে কাসেমিরোর উপর ফাউলের জেরে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে নেইমার গোল করে ব্যবধান কমালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের বিদায়।
এই জয়ে একাধিক নজির গড়েছে নরওয়ে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শেষ আটে উঠল তারা। পাশাপাশি ১৯৯৮ সালের পর প্রথম ইউরোপীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচেই গোল করার কৃতিত্ব অর্জন করলেন আর্লিং হালান্ড। কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড বা মেক্সিকো।

