কলকাতা: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনের ঠিক আগের দিন কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় তাঁর নবনির্মিত আবক্ষ মূর্তির বেদী ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, আচার্য প্রফুল্ল চন্দ্র (এপিসি) রোড সংলগ্ন মূর্তিটির নিচের বেদী ভেঙে ফেলা হয়েছে।
পাশাপাশি নামফলকটিও ভেঙে মূর্তির সামনেই পড়ে রয়েছে। যদিও মূর্তির মূল অংশ অক্ষত রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, রামমোহন লাইব্রেরির কাছে সম্প্রতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায়ের দুটি আবক্ষ মূর্তি স্থাপনের কাজ শেষ হয়েছিল। আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীর দিনই মূর্তি দুটির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল। তার আগেই এই ভাঙচুরের ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এদিকে, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এবারই প্রথম সরকারিভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরও নির্ধারিত রয়েছে। তিনি নিউটাউনের ইকোপার্কে প্রস্তাবিত ১২৫ ফুট উচ্চতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার ঠিক আগে কলকাতার বুকে এই ভাঙচুরের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্ব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে।

