স্বাধীনতা দিবসের আগে কলকাতা বিমানবন্দরে কড়া নিরাপত্তার মধ্যেই ধরা পড়ল বিদেশি গাছ ও বীজ পাচারের অভিযোগ। ব্যাংকক থেকে আসা দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে প্রায় ১৬০ কেজি তাজা গাছ ও বীজ উদ্ধার করেন শুল্ক আধিকারিকরা। ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, ব্যাংকক-কলকাতা বি৩-৭০১ বিমানের যাত্রীদের মধ্যে দু'জনের লাগেজ দেখে সন্দেহ হয় এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকদের।
ব্যাগ খুলতেই দেখা যায়, জামাকাপড়ের বদলে অত্যন্ত যত্ন করে বিভিন্ন প্রজাতির তাজা গাছ এবং বীজ রাখা রয়েছে। দীর্ঘ বিমানযাত্রাতেও যাতে গাছগুলি সতেজ থাকে, তার জন্য বিশেষ মোড়ক ব্যবহার করা হয়েছিল।
তবে বিদেশ থেকে উদ্ভিদ ও বীজ আনার প্রয়োজনীয় বৈধ নথি দেখাতে পারেননি অভিযুক্তরা। এরপরই সেগুলি বাজেয়াপ্ত করা হয়। শুল্ক আইনের পাশাপাশি প্ল্যান্ট কোয়ারেন্টাইন অর্ডার, ২০০৩ অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পাচারের পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এক অভিযুক্তের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও তল্লাশি চালানো হয়।
আধিকারিকদের আশঙ্কা, বেআইনি পথে বিদেশি গাছ বা বীজ দেশে ঢুকলে নতুন রোগজীবাণু ও ক্ষতিকর কীটপতঙ্গ ছড়িয়ে পড়তে পারে। তাই পুরো ঘটনার তদন্ত চলছে।
এদিকে একই দিনে কলকাতা বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে প্রায় ৯০০ গ্রাম ২৪ ক্যারেট সোনা উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। এই ঘটনায়ও দু'জনকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে গাছ-বীজ ও বিপুল সোনা উদ্ধারে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

