Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কলকাতার বৃষ্টিতে কাটছে না দুর্ভোগ, বুধবারও বাড়ছে আশঙ্কা! কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

কলকাতার বৃষ্টিতে কাটছে না দুর্ভোগ, বুধবারও বাড়ছে আশঙ্কা! কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

সেপ্টেম্বরের শুরুতেই বৃষ্টির দাপটে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টি মঙ্গলবারও থামার নাম করেনি। সকাল থেকে মেঘলা আকাশ, তার সঙ্গে দফায় দফায় মুষলধারে বৃষ্টি-সব মিলিয়ে শহরের একাধিক রাস্তা ও অলিগলিতে জল জমে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অফিস টাইমে যানজট ও জলযন্ত্রণায় নাজেহাল নিত্যযাত্রীরা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবারও পরিস্থিতির খুব একটা উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। বরং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা থাকছে।

কেন এতক্ষণ ধরে বৃষ্টি?

আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর প্রায় ৪৮ ঘণ্টা ধরে অবস্থান করছে। ফলে নিম্নচাপের প্রভাব সহজে কাটছে না। ধীরে ধীরে সেটি উত্তর ওড়িশা হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। দুইয়ের জোড়া প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির মেয়াদ বাড়ছে বলে আবহবিদদের অনুমান।

দক্ষিণবঙ্গে কোথায় বেশি বৃষ্টি?

বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও দুর্যোগের ভ্রুকুটি

দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির তেজ কমার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে এখনই স্বস্তি মিলছে না। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি চলতে পারে।

বুধবার কলকাতার আবহাওয়া কেমন?

বুধবারও কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

ফলে ইতিমধ্যেই জলমগ্ন কলকাতায় বুধবারও জলযন্ত্রণা বজায় থাকার আশঙ্কা রয়েছে। সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে পুরোপুরি বর্ষার হাত থেকে মুক্তি নয়-বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din