Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কানাডায় ভারতীয় তরুণীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগে গ্রেফতার প্রেমিক

কানাডায় ভারতীয় তরুণীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগে গ্রেফতার প্রেমিক

কানাডার এডমন্টনে ২৩ বছর বয়সী এক ভারতীয় তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম দমনপ্রীত কৌর। তিনি পঞ্জাবের লুধিয়ানা জেলার সমরালা এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় তাঁর ২২ বছরের সঙ্গী রিতিশ কুমারকে গ্রেফতার করেছে এডমন্টন পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিট নাগাদ সিলভারবেরি এলাকার একটি বাড়ি থেকে জরুরি ফোন আসে। সেখানে গিয়ে পুলিশ অচেতন অবস্থায় দমনপ্রীতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গুরুতর অবস্থায় তিন দিন চিকিৎসাধীন থাকার পর ১২ জুলাই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই রিতিশকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল।

পরে ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধের কারণেই দমনপ্রীতের মৃত্যু হয়েছে। তদন্তে কোনও প্রভাব না পড়ার জন্য প্রথমদিকে মৃত্যুর কারণ প্রকাশ্যে আনা হয়নি। মেডিক্যাল এক্সামিনারের চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ নিশ্চিত হয় যে এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং একটি হত্যাকাণ্ড।

এরপর ২২ জুলাই রিতিশ কুমারকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে দ্বিতীয়-ডিগ্রি হত্যার মামলা দায়ের করা হয়। তদন্তকারীদের দাবি, এটি ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে ঘটে যাওয়া হত্যার ঘটনা। আপাতত এই মামলায় অন্য কোনও ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত এখনও চলছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din