রাজ্য রাজনীতিতে অস্বস্তির ইঙ্গিত আরও স্পষ্ট। কর্মী-সমর্থকদের বিক্ষোভ, চাপা ক্ষোভ এবং প্রকাশ্যে দলবিরোধী অবস্থানের হুঁশিয়ারির জেরে শেষ পর্যন্ত একাধিক কেন্দ্রে প্রার্থী বদল করতে বাধ্য হল কংগ্রেস। বুধবার বিজ্ঞপ্তি জারি করে দল জানিয়েছে, নাকাশিপাড়া, চাপড়া, মিনাখাঁ, রায়না, মন্দিরবাজার, কেতুগ্রাম ও আউশগ্রাম এই সাতটি বিধানসভা কেন্দ্রে নতুন মুখ আনা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় স্তরে প্রবল অসন্তোষের কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। মন্দিরবাজারে তার স্পষ্ট উদাহরণ মিলেছে। প্রথমে কৌশিক বৈদ্যের নাম ঘোষণা হলেও, দেওয়াল লিখন থেকে শুরু করে কর্মীসমর্থকদের অবস্থান সব জায়গাতেই উঠে আসে চাঁদ সর্দারের নাম। শেষ পর্যন্ত চাপের মুখে কৌশিক বৈদ্য বি-ফর্মই পাননি ও প্রার্থী করা হয় চাঁদ সর্দারকেই। একই ছবি দেখা গিয়েছে অন্যান্য কেন্দ্রেও। নাকাশিপাড়ায় গোলাম কিবরিয়া মণ্ডলের পরিবর্তে আনা হয়েছে তাহির শেখকে। চাপড়ায় রহিদুল মণ্ডলের জায়গায় নতুন মুখ আসিফ খান। মিনাখাঁয় বর্ণালী নস্করের বদলে প্রার্থী হয়েছেন সুনয়না বিশ্বাস।
রায়নায় অনীক সাহার পরিবর্তে পম্পা মালিক, কেতুগ্রামে মফিরুল কাশেমের জায়গায় শেখ আবু বাকার এবং আউশগ্রামে নিশা বড়ালের বদলে তাপস বড়ালকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, হাবড়া কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। সেখানে টিকিট পেয়েছেন প্রণব ভট্টাচার্য। তবে তাঁকে ঘিরেও দলের অন্দরে অসন্তোষ পুরোপুরি থামেনি। একাংশের দাবি ছিল অরিজিৎ ভট্টাচার্যকে প্রার্থী করা হোক।
সব মিলিয়ে, নির্বাচনের আগে প্রার্থী বদলের এই পদক্ষেপে স্পষ্ট জানা গেছে দলের অন্দরে মতবিরোধ এখনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে রয়েছে।

