সপ্তাহখানেক আগেই দলে যোগ দিয়েছেন মাথিশা পাথিরানা। নেটে দুরন্ত ছন্দে নজর কেড়েছেন শ্রীলঙ্কার পেসার। কিন্তু প্রথম একাদশে জায়গা করে দিতে গেলে বদলাতে হবে কেকেআরের গোটা কম্বিনেশন। টানা ব্যর্থতার অন্ধকার কাটিয়ে আবার জয়ের আলো দেখছে Kolkata Knight Riders। পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে নতুন করে প্লে-অফের স্বপ্ন দেখতে শুরু করেছে তিনবারের চ্যাম্পিয়নরা।
পয়েন্ট টেবিলে এখনও খুব একটা স্বস্তির জায়গায় না থাকলেও অঙ্ক বলছে-সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। আর সেই আশাতেই বেঁচে রয়েছে নাইট শিবির।
রবিবার Sunrisers Hyderabad-এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় প্রশ্ন-অবশেষে কি মাঠে নামবেন ১৮ কোটির পেসার Matheesha Pathirana?
সপ্তাহখানেক আগে কেকেআর শিবিরে যোগ দেন শ্রীলঙ্কার এই তারকা পেসার। যোগ দেওয়ার পর থেকেই নিয়মিত অনুশীলন করছেন তিনি। নেটে তাঁর গতি, ইয়র্কার এবং স্লিং অ্যাকশন ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্টের নজর কেড়েছে। ফলে হায়দরাবাদ ম্যাচে তাঁকে খেলানো নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
তবে বিষয়টা এতটা সহজ নয়। কারণ বিদেশি ক্রিকেটারদের কম্বিনেশনই এখন কেকেআরের সবচেয়ে বড় ধাঁধা।
বোলিং কোচ Tim Southee স্পষ্ট জানিয়েছেন, পাথিরানার খেলা এখনও নিশ্চিত নয়। তাঁর কথায়,
"মাথিশা আমাদের সঙ্গে যোগ দিয়েছে, অনুশীলন করছে এবং খুব ভালো ছন্দে রয়েছে। কিন্তু ও খেলবে কি না, সেটা নির্ভর করবে একাধিক বিষয়ের উপর। আমরা পিচ, পরিস্থিতি এবং দলের ভারসাম্য দেখে সিদ্ধান্ত নেব।"
কেকেআর সূত্রের খবর, টিম ম্যানেজমেন্ট পাথিরানাকে খেলানোর দিকেই ঝুঁকছে। তবে সেই সিদ্ধান্ত নিলে প্রথম একাদশে বড় রদবদল অবশ্যম্ভাবী।
এই মুহূর্তে Sunil Narine, Rovman Powell এবং Cameron Green-কে প্রায় নিশ্চিত ধরা হচ্ছে। ফলে চতুর্থ বিদেশি হিসেবে জায়গা পেতে পারেন পাথিরানা। সেক্ষেত্রে Tim Seifert-কে বসতে হতে পারে। আবার ব্যাটিং ভারসাম্য রাখতে একজন ভারতীয় পেসার-বৈভব বা Kartik Tyagi-র মধ্যে কাউকে বাইরে রেখে অতিরিক্ত ব্যাটার খেলানোর ভাবনাও রয়েছে।
ওপেনিংয়েও বদল আসতে পারে। আগের মতো আবার Sunil Narine-কে ওপেন করতে পাঠানোর পরিকল্পনাও খতিয়ে দেখা হচ্ছে।
প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ কেকেআরের কাছে কার্যত 'ডু অর ডাই'। আর সেই ম্যাচেই যদি নামেন পাথিরানা, তাহলে নাইটদের বোলিং আক্রমণে যে নতুন ধার আসবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
এখন দেখার-হায়দরাবাদের রাতে কেকেআরের নতুন 'ত্রাতা' সত্যিই মাঠে নামেন কিনা।

