আইপিএলের চলতি মরশুম শেষ হতেই বড় সিদ্ধান্ত নিলেন ঋষভ পন্থ। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। এর পর থেকেই জোরালো হয়েছে জল্পনা, আগামী আইপিএলে আর লখনউয়ের জার্সিতে দেখা যাবে না ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারকে। এখন প্রশ্ন, তাঁর পরবর্তী গন্তব্য কোথায়?
ক্রিকেট মহলে আপাতত সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দু'টি দলের নাম-দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স।
লখনউয়ের হয়ে এবারের আইপিএল পন্থের জন্য মোটেও সুখকর ছিল না। ১৪ ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ৩১২ রান। দলও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়ে পয়েন্ট তালিকার একেবারে নিচে থেকে অভিযান শেষ করে। গত কয়েক দিন ধরেই পন্থের নেতৃত্ব ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। শুক্রবার সেই জল্পনায় ইতি টানেন লখনউয়ের ক্রিকেট ডিরেক্টর টম মুডি। তিনি জানান, নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আবেদন করেছিলেন পন্থ, এবং ফ্র্যাঞ্চাইজি তা গ্রহণ করেছে। একই সঙ্গে অধিনায়ক হিসেবে দলের ড্রেসিংরুমে ইতিবাচক পরিবেশ তৈরির জন্য পন্থকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই শুরু হয়েছে পন্থের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা। খবর, তাঁকে দলে নেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
বিশেষ করে কেকেআরের নাম সামনে এসেছে। শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ার পর নেতৃত্বের জায়গায় স্থায়ী সমাধান খুঁজে পায়নি কলকাতা। বাধ্য হয়ে অজিঙ্ক রাহানেকে দায়িত্ব সামলাতে হয়েছে। সূত্রের খবর, নাইট শিবিরের কয়েকজন কর্তা ইতিমধ্যেই পন্থের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁকে ট্রেডের মাধ্যমে আনা কিংবা নিলামে কেনার-দু'টি পথই খোলা রাখা হয়েছে।
অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসও তাঁকে ফেরানোর বিষয়ে আগ্রহী বলে জানা যাচ্ছে। দিল্লির হয়ে দীর্ঘদিন খেলেছেন পন্থ, নেতৃত্বও দিয়েছেন। ফলে পুরনো সম্পর্ককে কাজে লাগিয়ে তাঁকে ফের দলে ফেরানোর চেষ্টা শুরু হয়েছে বলে খবর।
এদিকে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার পর থেকে তাঁকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। ব্যাট হাতে, বল হাতে কিংবা অধিনায়ক হিসেবে-কোনও ক্ষেত্রেই প্রত্যাশিত ছাপ রাখতে পারেননি তিনি। ফলে আগামী দিনে হার্দিক ও মুম্বই ইন্ডিয়ান্সের পথ আলাদা হয়ে যেতে পারে বলেই ক্রিকেট মহলের একাংশের ধারণা।

