Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মালদহে কোটি টাকার নগদ উদ্ধার, কাফ সিরাপ পাচারকাণ্ডে গ্রেফতার ৩ - তল্লাশিতে মিলল সোনা ও ল্যাপটপ

মালদহে কোটি টাকার নগদ উদ্ধার, কাফ সিরাপ পাচারকাণ্ডে গ্রেফতার ৩ - তল্লাশিতে মিলল সোনা ও ল্যাপটপ

রাজ্যে ফের কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূমের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মালদহ থানার মঙ্গলবাড়ি এলাকায় একটি ফ্ল্যাটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। রবিবার রাতভর চলা তল্লাশিতে প্রায় আড়াই কোটি টাকা, ২০ গ্রাম সোনা এবং একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে।

ঘটনায় সুশান্ত হালদার, পিন্টু সরকার ও গোপাল চাকি নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রীপাড়া এলাকা থেকে প্রায় ১,৫০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার হওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ থেকেই মালদহের এই ফ্ল্যাটের সন্ধান মেলে। এরপর রবিবার রাত আটটা নাগাদ বিশেষ তদন্তকারী দল ওই ফ্ল্যাটে অভিযান চালায়। তল্লাশি শুরু হতেই ৫০০ টাকার নোটের পর নোটের বান্ডিল উদ্ধার হয় এবং টাকা গোনার জন্য বিশেষ মেশিন আনতে হয়।

সোমবার ভোরে মালদহের খইহট্টা এলাকার একটি গুদাম থেকেও কয়েক হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে চলা নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অর্থ থেকেই এই বিপুল সম্পত্তি গড়ে উঠেছে। যদিও উদ্ধার হওয়া নগদ টাকার বৈধ উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি ধৃতরা।

পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটটি দিলীপ সাহার মালিকানাধীন হলেও সেটি ভাড়া নিয়েছিলেন পিন্টু সরকার, যিনি ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর ব্যবসা ও পাচারচক্রের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাজ্যে একের পর এক নগদ টাকা উদ্ধারের ঘটনায় সীমান্ত ঘিরে সক্রিয় চোরাচালান চক্র নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din