মালদহ: ট্রেন বেলাইন, আহত একাধিক যাত্রী, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও দমকলের ছোটাছুটি-প্রথম দেখায় মনে হতে পারে ভয়াবহ রেল দুর্ঘটনা। কিন্তু বাস্তবে কোনও দুর্ঘটনা নয়, বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি যাচাই করতে মকড্রিল আয়োজন করল পূর্ব রেলের মালদা ডিভিশন ও এনডিআরএফ। শনিবার বেলা পৌনে এগারোটা নাগাদ মালদা টাউন স্টেশন ইয়ার্ডের নিউ স্ট্যাবলিং লাইনে একটি স্পেশাল ট্রেন বেলাইন হওয়ার কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রেল প্রশাসন, এনডিআরএফ, দমকল ও অ্যাম্বুলেন্স পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যের মহড়া চালায়।
পুরো মহড়া তদারকি করেন মালদা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার গুপ্ত। তিনি জানান, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ, বিভিন্ন বিভাগের সমন্বয় এবং উদ্ধারকার্যের প্রস্তুতি যাচাই করতেই এই উদ্যোগ।
বাস্তব দুর্ঘটনার পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করাই এই মকড্রিলের মূল লক্ষ্য।

