Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নেপালের বন্যায় ভয়াবহ চিত্র, মৃত ৬২৩! এখনও নিখোঁজ ২,৪২৬, তালিকায় বহু বিদেশি

নেপালের বন্যায় ভয়াবহ চিত্র, মৃত ৬২৩! এখনও নিখোঁজ ২,৪২৬, তালিকায় বহু বিদেশি

নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহধসের পর ভয়াবহ বন্যার ক্ষত যেন আরও গভীর হচ্ছে। প্রবল স্রোতে ভেসে যাওয়া মানুষদের অনেকেরই এখনও কোনও সন্ধান মেলেনি। উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই সামনে আসছে বিপর্যয়ের ভয়াবহ পরিসর। এখনও পর্যন্ত অন্তত ৬২৩টি মৃতদেহ উদ্ধারের খবর মিলেছে। অন্যদিকে নেপাল ও তিব্বত মিলিয়ে ২,৪২৬ জন নিখোঁজ বলে জানা গিয়েছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসাবে, সীমান্তবর্তী এলাকায় নিখোঁজের সংখ্যা ১,৯২৪। চিনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, তিব্বত অংশে আরও ৫৫৪ জন নিখোঁজ। সেখানেও অন্তত ৭ জনের মৃত্যুর খবর রয়েছে।

এই বিপর্যয়ের ধাক্কা সামলাতে গিয়ে উদ্বেগ বাড়ছে বিদেশি নাগরিকদের নিয়েও। নেপালের হিসাবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭। তিব্বত অংশে আরও ২৬০ জন বিদেশি নিখোঁজ বলে জানানো হয়েছে। নেপাল পর্যটন বোর্ডের হিসাব অনুযায়ী, এখনও ৬২২ জন পর্যটকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, যাঁদের মধ্যে ৪৭৩ জন বিদেশি।

ভারতীয়দের মধ্যেও অনেকে এখনও নিখোঁজ। পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, ৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে, তবে আরও ৯৮ জন ভারতীয়ের সন্ধান মেলেনি। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ৯০, ইউক্রেনের ৬১, মালয়েশিয়ার ৫১ এবং অস্ট্রেলিয়ার ৪১ জন নাগরিক নিখোঁজ বলে বিভিন্ন হিসাব সামনে এসেছে। ব্রিটেন, লাটভিয়া ও কানাডার নাগরিকদেরও খোঁজ মিলছে না।

তবে দুর্গম পাহাড়ি এলাকা, ধসে পড়া রাস্তা এবং বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থার কারণে নিখোঁজের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত নয়। প্রবল স্রোতে দেহ দূরের এলাকায় ভেসে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে আগামী দিনে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din