Dailyhunt
নেতা-মন্ত্রীদের নাম ভাঙিয়ে টিকিট কালোবাজারি! কেকেআর ম্যাচ ঘিরে বড় ফাঁস, গ্রেপ্তার ৩

নেতা-মন্ত্রীদের নাম ভাঙিয়ে টিকিট কালোবাজারি! কেকেআর ম্যাচ ঘিরে বড় ফাঁস, গ্রেপ্তার ৩

হায়দরাবাদ: আইপিএল মরসুমের শেষ লগ্নে প্লে-অফের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এল টিকিট কালোবাজারির চাঞ্চল্যকর অভিযোগ। Kolkata Knight Riders বনাম Sunrisers Hyderabad ম্যাচকে কেন্দ্র করে অবৈধ টিকিট বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ।

গত ৩ মে Rajiv Gandhi International Cricket Stadium-এ অনুষ্ঠিত ম্যাচের আগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় উপ্পল থানার পুলিশ।

অভিযানে হাতেনাতে ধরা পড়ে তিন অভিযুক্ত। হায়দরাবাদ পুলিশের মালকাজগিরি কমিশনারেটের তরফে জানানো হয়েছে, প্রায় ২২ হাজার টাকার টিকিট কয়েকগুণ বেশি দামে বিক্রি করা হচ্ছিল।

তদন্তে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। পুলিশ সূত্রের দাবি, ধৃতরা নিজেদের ভিআইপি ও ভিভিআইপি পরিচয় দিয়ে বিভিন্ন মহল থেকে টিকিট সংগ্রহ করত। কখনও বিচারপতি, কখনও মন্ত্রী, এমনকি রাজ্যপালের নাম ব্যবহার করে জাল লেটারহেড তৈরি করে ক্রিকেট সংস্থার কাছ থেকে টিকিট নেওয়া হত। পরে সেই টিকিট সাধারণ দর্শকদের কাছে চড়া দামে বিক্রি করা হত।

পুলিশের দাবি, এই চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল এবং সুপরিকল্পিতভাবে কাজ চালাচ্ছিল। ধৃতদের কাছ থেকে একটি Mahindra Thar, পাঁচটি আইপিএল টিকিট, পাঁচটি মোবাইল ফোন এবং একাধিক জাল নথি উদ্ধার হয়েছে।

ইতিমধ্যেই ধৃতদের আদালতে তোলা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "এই ধরনের চক্র শুধু প্রতারণাই করছে না, খেলার স্বচ্ছতাকেও প্রশ্নের মুখে ফেলছে। তাই কড়া পদক্ষেপ করা হচ্ছে।"

সাধারণ ক্রিকেটপ্রেমীদের সতর্ক করে পুলিশ জানিয়েছে, শুধুমাত্র অনুমোদিত টিকিটিং প্ল্যাটফর্ম থেকেই টিকিট কেনা উচিত। অন্যথায় আর্থিক প্রতারণার পাশাপাশি আইনি জটিলতায়ও পড়তে হতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din